
প্রতিনিধি 12 November 2026 , 12:50:13 প্রিন্ট সংস্করণ
সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচে প্রতিপক্ষের পাঁচ-ছয়জনকে কাটিয়ে দারুণ এক গোল করেন ফারহান আলী ওয়াহিদ। মূহুর্তেই সেই গোলের মুগ্ধতা ছড়িয়ে পড়ে দর্শক থেকে কোচ সবার মধ্যেই। ফারহানের সেই অসাধারণ সেই গোল ছুঁয়ে গেছে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়াকেও।
বাংলাদেশের জার্সিতে গতকাল নিজের ৯৮তম ম্যাচ খেলেছেন জামাল। ফারহানের গোলটিকে জাতীয় স্টেডিয়ামে দেখা সেরা গোল হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে ফারহানকে লিওনেল মেসি, নেইমার কিংবা লামিনে ইয়ামালের মতো বিশ্ব তারকাদের সঙ্গে তুলনা না করে, তাকে নিজের নামেই বড় হতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ম্যাচের পরদিন আজ ট্রেনিং সেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাল বলেন, ‘সম্ভবত জাতীয় স্টেডিয়ামে আমার দেখা সেরা গোলগুলোর একটি এটি। আমার মনে হয় হামজার বাইসাইকেল কিক আর গতকাল (বুধবার) ফারহান যে গোলটি করেছে, সেটি অবশ্যই সেরা তিনে থাকবে।’
ফারহানের গোলটি ইউরোপিয়ান পর্যায়ের গোল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘আপনারা নিজেরাই বলছেন নেইমার, মেসি, লামিনে ইয়ামাল। আসলে আমি চাই ফারহান তার নিজের প্রোফাইল বড় করুক। অন্য খেলোয়াড়ের সঙ্গে তার তুলনা করার প্রয়োজন নেই। বাংলাদেশের সমর্থকরা সবসময় বলে ‘আমার মেসি’, ‘আমার লামিনে ইয়ামাল’। কিন্তু আমি চাই সে নিজের নামেই বড় হোক। এটি ফারহান আলীর গোল, অন্য কোনো খেলোয়াড়ের নয়।’
চলতি সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচে এখনো কোন গোল হজম করেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করায় দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জামাল। তবে এই জয়ের পর এখন সেমিফাইনালে ম্যাচে মনোযোগ দিচ্ছে দল।
জামাল বলেন, ‘ম্যাচটি ভালো ছিল। আমরা চারটি গোল করেছি, এটি ইতিবাচক দিক। পাশাপাশি আবারও ক্লিন শিট রাখতে পেরেছি, তাই সব মিলিয়ে সবাই সন্তুষ্ট ও খুশি। এখন আমাদের মূল মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ঘিরে, কারণ আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল।’