
প্রতিনিধি 12 November 2026 , 11:53:57 প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ শুরুর মাত্র আট দিন আগে বড় সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। নিরাপত্তাশঙ্কায় কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও কাতার ভ্রমণে মার্কিন সরকারের সতর্কবার্তার পর এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সঙ্গে বাতিল করা হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পও।
বুধবার (১১ নভেম্বর) ফুটবলারদের কাছে পাঠানো এক চিঠিতে সিদ্ধান্তটি জানায় যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প ও মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করা হয়েছে।
সিদ্ধান্তের পেছনে কাতার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কবার্তাকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে ফেডারেশন। পাশাপাশি দেশটিতে কর্মরত মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের জন্য জারি করা নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনার কথাও জানানো হয়েছে।
ফুটবলারদের উদ্দেশে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফের নিরাপত্তা এবং কল্যাণ সব সময়ই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’

হঠাৎ এমন সিদ্ধান্তে হতাশার কথাও ফুটবলারদের জানিয়েছে ফেডারেশন। বিশ্বকাপের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রস্তুতির প্রশংসা করে সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দলকে কাতারে পাঠানো সম্ভব হচ্ছে না।
গত ২৩ অক্টোবর কাতারসংক্রান্ত ভ্রমণ নির্দেশনা হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের কাতার সফরের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলা হয়।
যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতায় কাতারকে বর্তমানে তৃতীয় স্তরে রাখা হয়েছে। এর অর্থ দেশটিতে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। অবশ্য অক্টোবরের আগেও কাতার একই সতর্কতার স্তরে ছিল। সর্বশেষ হালনাগাদে আঞ্চলিক নিরাপত্তাঝুঁকির বিষয়গুলো আরও গুরুত্ব পেয়েছে।
বিশেষ করে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার বিষয়টি উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এসব হামলায় বেসামরিক হতাহতের পাশাপাশি বিমান চলাচলও ব্যাহত হয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন অবস্থায় অপ্রাপ্তবয়স্ক ফুটবলারদের নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার ঝুঁকি নিতে চাইছে না যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপের জন্য অবশ্য প্রস্তুতি অনেকটাই শেষ করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। দলের প্রধান কোচ অ্যালেক্স আলদাজ ইতোমধ্যে ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ক্যাম্প করারও পরিকল্পনা ছিল।
কিন্তু শেষ মুহূর্তের সিদ্ধান্তে সব পরিকল্পনা বাতিল হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন জানিয়েছে, খেলোয়াড়দের ক্লাবগুলোকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। একই সঙ্গে ফিফার আনুষ্ঠানিক ঘোষণার আগে ফুটবলারদের প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হওয়ার কথা ৪৮ দলের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ১৩ ডিসেম্বর পর্দা নামবে প্রতিযোগিতাটির। এবারের আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল মন্টেনেগ্রো, চিলি ও আলজেরিয়া। আগামী ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল মার্কিন যুবাদের। এরপর চিলি ও আলজেরিয়ার মুখোমুখি হওয়ার সূচি ছিল তাদের।
টুর্নামেন্ট শুরুর আগেই ফিফা অংশগ্রহণকারী ৪৮ দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় যুক্তরাষ্ট্রও ছিল। ফলে বিশ্বকাপ শুরুর এত অল্প সময় আগে তাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।
গত বছরও কাতারে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেবার শেষ ৩২ দলের পর্ব পর্যন্ত পৌঁছেছিল যুক্তরাষ্ট্র। মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।
২০২৫ সাল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ প্রতিবছর আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। টানা পাঁচ আসরের আয়োজক হিসেবে কাতারকে বেছে নেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত দেশটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা প্রতিযোগিতাটির।
তবে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর তাদের জায়গায় অন্য কোনো দেশকে সুযোগ দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের সময় এ বিষয়ে ফিফার আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।