
প্রতিনিধি 26 October 2026 , 4:41:11 প্রিন্ট সংস্করণ
মাত্র ২৬ দিনের মধ্যে তিনটি হ্যাটট্রিক করে ইউরোপীয় ফুটবলে আলোচনায় উঠে এসেছেন নিকোলা ত্রেসোল্ডি। ক্লাব ব্রুগার এই জার্মান অনূর্ধ্ব-২১ দলের স্ট্রাইকারকে দলে ভেড়াতে আগ্রহী আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটির মতো ইংলিশ ক্লাব।
৩০ সেপ্টেম্বর মাল্টার বিপক্ষে জার্মানির অনূর্ধ্ব-২১ দলের হয়ে হ্যাটট্রিক করেন ত্রেসোল্ডি। এরপর ১৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে এবং সর্বশেষ বেলজিয়ান লিগে সিন্ট-ট্রুইডেন্সের বিপক্ষেও তিন গোল করেন তিনি।

২০০৪ সালে ইতালির কালিয়ারিতে জন্ম নেওয়া ত্রেসোল্ডির বাবা ইতালীয় এবং মা আর্জেন্টাইন বংশোদ্ভূত। ২০১৭ সালে পরিবারের সঙ্গে জার্মানিতে চলে যাওয়ার পর হ্যানোভার ৯৬-এর যুব একাডেমিতে তাঁর ফুটবলজীবন শুরু হয়। ২০২৫ সালের জুনে যোগ দেন ক্লাব ব্রুগায়।
এখন তাঁকে নিয়ে জার্মানি ও ইতালির জাতীয় দলের মধ্যে চলছে আগ্রহের লড়াই। জার্মানির কোচিং মহলও তাঁকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার হিসেবে বিবেচনা করছে। অন্যদিকে, ইতালিও তাঁকে জাতীয় দলে পাওয়ার চেষ্টা করছে।
ত্রেসোল্ডি জানিয়েছেন, দুই দেশই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। জাতীয় দল বেছে নেওয়ার আগে দুই দেশের পরিকল্পনায় নিজের ভূমিকা বুঝতে চান তিনি। আপাতত তাঁর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকলেও দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন এই তরুণ স্ট্রাইকার।