• খেলা

    অজেয় থেকে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন আফগানিস্তান

      প্রতিনিধি 24 October 2026 , 11:34:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাট হাতেও সহজ জয়। জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে আফগানিস্তান। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে রহমত শাহর দল।

    শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে আগে ব্যাট করে ৪৩.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ৩৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

    ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রহমানউল্লাহ গুরবাজ। ৩১ বলে চারটি চার ও দুটি ছক্কায় আউট হওয়ার আগে করেন ৩৬ রান। প্রথম দশ ওভারে ১ উইকেটে ৭২ রান তোলে আফগানরা।

    গুরবাজের আউটের পর সেদিকুল্লাহ আতালও বেশিক্ষণ টিকতে পারেননি। ১২ বল ৬ রান করে ফিরে যান। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান।

    রহমত শাহর সঙ্গে তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন ইব্রাহিম। ৬৩ বলে ৪৩ রান করে রহমত ফিরলেও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত আফগানিস্তানের। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইব্রাহিম। তার ৭০ রানের অপরাজিত ইনিংসেই শিরোপা নিশ্চিত হয় আফগনাদের।

    এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুট ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ২৬ রানেই তিন উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের ২৯ রানের জুটি ভাঙেন বিল্লাল সামি। ৭ রান করে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টেইলর। ৫৫ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে।

    এরপর রায়ান বার্লকে নিয়ে ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়েন রাজা। তবে বার্লকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ নবী। ৩১ রান করে বার্ল ফিরলে ভাঙে ৬০ রানের জুটি। পরে ওয়েসলি মাধেভেরেকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৩০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন নবী।

    এরপর জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামান রশিদ খান। ব্র্যাড ইভান্সকে এলবিডব্লিউ করার পর নিউম্যান নিয়ামহুরিকে বোল্ড করেন তিনি। পরে রাজাকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের শেষ বড় প্রতিরোধটুকুও ভেঙে দেন এই লেগস্পিনার।

    দশম উইকেটে ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার ৩২ রানের জুটিতে ১৬৯ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে রশিদ খান নেন তিন উইকেট। ফজলহক ফারুকি, নবী ও বিলাল সামি নেন দুটি করে উইকেট।

    দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা ইব্রাহিম জাদরান। পুরো সিরিজের তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজসেরা রশিদ খান।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:34 AM অজেয় থেকে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন আফগানিস্তান • 6:48 PM অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস • 4:40 PM বাংলাদেশকে ২৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত • 12:09 PM আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড • 11:45 AM আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিল বাংলাদেশ • 5:11 PM বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ • 3:18 PM নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: চট্টগ্রামে ফাইনাল, সিলেটে উদ্বোধনী ম্যাচ • 11:35 AM বাঁচা-মরার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ • 11:24 AM চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি • 6:20 PM চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রশিক্ষণের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী