
প্রতিনিধি 12 October 2026 , 12:12:54 প্রিন্ট সংস্করণ
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পরও লিওনেল মেসিকে ঘিরে আলোচনা থামছে না। আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ হলেও ক্লাবের হয়ে এখনো খেলা চালিয়ে যাবেন এই মহাতারকা। এরই মধ্যে তার ক্যারিয়ারের অপূর্ণতা হিসেবে একটি প্রতিযোগিতার কথা তুলে ধরে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনগেস।
আর্জেন্টিনা ও বেনিনের প্রীতি ম্যাচ ঘিরে মনুমেন্তাল স্টেডিয়ামে মেসি ও তার পরিবারের সঙ্গে দেখা হয়েছিল দোমিনগেসের। সেই সাক্ষাতেই আর্জেন্টাইন তারকার সামনে প্রস্তাবটি রাখেন তিনি। দোমিনগেসের মতে, বর্ণাঢ্য ক্যারিয়ারে মেসির এখনো একটি অভিজ্ঞতা বাকি, দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে খেলা।
মেসিকে উদ্দেশ করে কনমেবল সভাপতি বলেন, ‘আমার মনে হয়, তার ক্যারিয়ারে একমাত্র যে জিনিসটি বাকি আছে, সেটি হলো কোপা লিবের্তাদোরেস খেলা।’ এরপর মজা করেই চ্যালেঞ্জটি গ্রহণের আহ্বান জানান দোমিনগেস, ‘তুমি কি চ্যালেঞ্জটা গ্রহণ করবে?’ তবে সেই প্রস্তাবে মেসির কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। আপাতত নীরবই থেকেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
দোমিনগেসের এই প্রস্তাবের পেছনে রয়েছে ক্লাব ফুটবলের একটি সম্ভাব্য পরিবর্তনের আলোচনা। মেক্সিকোর ক্লাবগুলোকে আবার কোপা লিবের্তাদোরেসে ফেরানোর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। পাশাপাশি মেজর লিগ সকারের (এমএলএস) দলগুলোকেও এই প্রতিযোগিতায় যুক্ত করার সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে।
এমন উদ্যোগ বাস্তবায়িত হলে মেসির মতো তারকার কোপা লিবের্তাদোরেসে খেলার সম্ভাবনা নিয়েও নতুন করে আলোচনা শুরু হতে পারে। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে এমএলএসে খেলছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে মেক্সিকো কিংবা যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোকে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে দোমিনগেসের চ্যালেঞ্জ আপাতত প্রস্তাব ও সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ।