
প্রতিনিধি 25 November 2026 , 1:54:42 প্রিন্ট সংস্করণ
আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার দিয়েগা ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান তিনি। তবে সময়ের স্রোতে তার বিদায়ের ক্ষত কিছুটা মলিন হলেও, ফুটবলপ্রেমীদের হৃদয়ে আজও অমলিন ৮৬-এর বিশ্বকাপজয়ী এ মহাতারকার জাদু।
১৯৬০ সালের ৩০ অক্টোবর রাজধানী বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে অবস্থিত ভিলা ফিয়োরিতোতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ছিল তার।

আট বছর বয়সে তিনি ‘লস সেবোলিতাস’ নামে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগ দেন। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ এবং ১৬ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে তিনি দ্রুত ফুটবল দুনিয়ায় পরিচিতি লাভ করেন।
আর্জেন্টিনার জাতীয় দলের এ সাবেক অধিনায়ক, যিনি আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, এবং নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন। তার খেলার জাদু ও ব্যক্তিত্ব আজও তাকে ফুটবলের আইকন করে রেখেছে।

ম্যারাডোনার ফুটবল ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি দলকে শিরোপা জিতিয়েছিলেন। সে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি গোল আজও ইতিহাসের অংশ: ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি।’
পাশাপাশি ক্লাব পর্যায়ে তার সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল ইতালির নাপোলিতে, যেখানে তিনি ১৯৮৭ ও ১৯৯০ সালে দলকে প্রথমবারের মতো সিরি এ শিরোপা জিতিয়েছিলেন।