
প্রতিনিধি 29 October 2026 , 2:50:52 প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে কখনো কখনো একটি গোলের পেছনে লুকিয়ে থাকে ছোট্ট কোনো ঘটনা, যা বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। স্পেনের শিরোপা জয়ের নায়ক ফেরান তোরেসের গোলেও তেমনই এক মুহূর্তের কথা সামনে আনলেন নিকো উইলিয়ামস। আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনার ধাক্কা না পেলে ওই বলে পৌঁছানো তার পক্ষে সম্ভব হতো না বলেই দাবি অ্যাথলেটিক বিলবাওয়ের এই ফরোয়ার্ডের। তার ভাষায়, ‘মোলিনা আমাকে ধাক্কা না দিলে হাজার জন্মেও আমি সেখানে পৌঁছাতে পারতাম না।’
স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের কয়েক মাস পর এক সাক্ষাৎকারে ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন নিকো। তার মতে, গোলটির পেছনে মোলিনার ধাক্কার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অথচ মাঠের সেই মুহূর্তটি অনেকেরই নজর এড়িয়ে গেছে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে তখনো গোলশূন্য সমতা। এমন সময় বক্সে আসা একটি ক্রস হেড করে পেছনে বাড়িয়ে দেন নিকো। বল পেয়ে জোরালো শটে জালে পাঠান বার্সেলোনার ফরোয়ার্ড ফেরান তোরেস। সেই গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন।
এ প্রসঙ্গে নিকো বলেন, ‘ব্যাপারটা ভয়ংকর! মানুষ এটা বুঝতেই পারে না। ও (মোলিনা) যদি আমাকে ধাক্কা না দিত, তাহলে আমি সেখানে পৌঁছাতেই পারতাম না। হাজার জন্মেও পারতাম না।’
ঘটনাটি ব্যাখ্যা করে স্পেনের এই ফরোয়ার্ড বলেন, ‘বলটা নিচে নামছিল, আর তখনই ও আমাকে ধাক্কা দেয়। দুই হাত দিয়েই কিছুটা ধাক্কা দিয়েছিল।’
নিকোর ভাষ্য, বলটি যখন তার দিকে আসছিল, তখন তিনি ভেবেছিলেন সেটিতে পৌঁছানো সম্ভব হবে না। কিন্তু মোলিনার ধাক্কায় পরিস্থিতি বদলে যায়। তিনি বলেন, ‘বলটা দেখে ভাবছিলাম, আমি আর পৌঁছাতে পারব না। কিন্তু ধাক্কা খাওয়ার পর মনে হলো, আরে! শট নেওয়ার সময় ছিল না, তাই বলটা পেছনে ছেড়ে দিই। ফেরান ঠিক সেখানেই ছিল, আর গোল করে।’
নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরানের ওই গোলেই আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। তাতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইউরোপের দেশটি। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া সেই গোলের পেছনে মোলিনার ধাক্কাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিকো।