• খেলা

    ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার

      প্রতিনিধি 16 September 2026 , 3:38:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    নীল নদের দেশ মিশর থেকে উঠে এসে বার্সেলোনায় নিজের নামটা বেশ জোরেশোরেই জানান দিচ্ছেন হামজা আবদেলকারিম। ১৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে এখন তাই ডাকা হচ্ছে ‘নীলের হলান্ড’ নামে। নামটা তারও বেশ পছন্দ। আর সেই ডাক পাওয়ার মধ্যেই বার্সেলোনা তাকে দিয়েছে নতুন চুক্তি।

    আবদেলকারিমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী তিনি কাতালান ক্লাবটিতে থাকবেন ২০৩০ সাল পর্যন্ত। বাড়ানো হয়েছে তার বেতনও। সম্ভাব্য বড় ক্লাবগুলোর আগ্রহ ঠেকাতে বাড়ানো হয়েছে রিলিজ ক্লজও, ১০ কোটি ইউরোর বেশি।

    গত গ্রীষ্মেই আল আহলি থেকে স্থায়ীভাবে বার্সেলোনায় যোগ দেন আবদেলকারিম। এরপর থেকেই যেন তার উত্থানের গতি বেড়েছে। বার্সেলোনার প্রাক্-মৌসুমের পাঁচ ম্যাচে করেছেন চার গোল। সুযোগ পেয়েছেন মূল দলের সঙ্গে অনুশীলন ও ম্যাচ খেলার।

    সেখান থেকেই এসেছে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ডের সঙ্গে তুলনা। ‘নীলের হলান্ড’ ডাকটা কীভাবে দেখেন- চুক্তি নবায়নের পর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখে আবদেলকারিমও লুকাননি নিজের মুগ্ধতা।

    “যখন আমাকে জিজ্ঞেস করা হয়, কোন খেলোয়াড়দের দেখে আমি শিখি, তখন হলান্ডের কথা বলতেই হয়। সে অসাধারণ একজন স্ট্রাইকার। তার অনেক শক্তির জায়গা আছে। ওকে যখন দেখি, নতুন কিছু শেখার চেষ্টা করি। নিজের খেলায় কীভাবে উন্নতি করা যায়, সেটাও বুঝতে পারি।”

    হলান্ডের গোল করার ক্ষমতার কথাও আলাদা করে বলেছেন মিশরীয় তরুণ।

    “আমরা সবাই জানি, গোল করার ক্ষেত্রে আর্লিং হলান্ড কতটা ভালো। সব সময় সঠিক জায়গায় থাকে। এটা থেকেও অনেক কিছু শেখা যায়। তাই বুঝতে পারছি, কেন আপনারা আমাকে ‘নীলের হলান্ড’ বলছেন।”

    বার্সেলোনায় আবদেলকারিমের যাত্রা শুরু গত জানুয়ারিতে। প্রথমে তাকে রিজার্ভ দলের খেলোয়াড় হিসেবে আনা হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য গত মৌসুমে খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। জুনে আল আহলির সঙ্গে চুক্তি থেকে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগটি কাজে লাগায় বার্সেলোনা।

    প্রাথমিকভাবে ১৫ লাখ ইউরোতে তাকে দলে নেয় স্প্যানিশ ক্লাবটি। চুক্তি ছিল ২০২৯ সাল পর্যন্ত। এরপর মিশর ও বার্সেলোনার হয়ে দুর্দান্ত এক গ্রীষ্ম কাটান আবদেলকারিম। মে মাসে মিসরের জাতীয় দলে অভিষেক হয় তার।

    বিশ্বকাপেও খেলেছেন চার ম্যাচ। বিশ্বকাপের পর খুব বেশি বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি। সরাসরি যোগ দেন বার্সেলোনার প্রাক্-মৌসুম প্রস্তুতিতে। সেখানে পাঁচ ম্যাচে চার গোল করে নজর কাড়েন হান্সি ফ্লিকের।

    আগস্টে রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগায় অভিষেকও হয়ে গেছে তার। চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার ছয়টি ম্যাচের স্কোয়াডেই ছিলেন এই তরুণ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার 12:34 PM ৩ অক্টোবর শুরু এনসিএল, মিরপুরে ৪ ম্যাচ 11:41 AM টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল 11:28 AM আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী 11:07 AM আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি 3:49 PM ‘নম্বর নাইন’ খুঁজে বেড়াচ্ছেন ডুলি 3:08 PM ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের চিঠি 11:50 AM জাতীয় দলের ক্যাম্পে ফিরে রোমাঞ্চিত জায়ান, নজর আসিয়ান কাপে 11:28 AM বিশ্বকাপের পর আর্জেন্টিনার তিন ম্যাচের সূচি, থাকছেন মেসি? 11:13 AM নেইমারকে নিয়ে আনচেলত্তির বিস্ফোরক মন্তব্য