
প্রতিনিধি 28 October 2026 , 3:51:49 প্রিন্ট সংস্করণ
ইরাকে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ নারী কম্পাউন্ড দল। বুধবার সুলায়মানিয়ায় এশিয়া কাপ–বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ফাইনালে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ী দলের সদস্য বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস। ফাইনালে শুরু থেকেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট স্কোর করেন বাংলাদেশের আর্চাররা। তাতে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ২৩০ পয়েন্ট।

কাজাখস্তান প্রথম এন্ডে ৫৫, দ্বিতীয় এন্ডে ৫২, তৃতীয় এন্ডে ৫৬ ও শেষ এন্ডে ৫৭ পয়েন্ট পায়। তাদের মোট স্কোর ২২০। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করে বাংলাদেশ।
এই সাফল্যে আন্তর্জাতিক আর্চারিতে আরও একটি পদক যোগ হলো বাংলাদেশের। স্বর্ণজয়ী দলের আর্চার, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।