
প্রতিনিধি 27 October 2026 , 3:08:12 প্রিন্ট সংস্করণ
বুধবার (২৮ অক্টোবর) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজটি শুধু দুই দলের লড়াই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখারও বড় সুযোগ বাংলাদেশের সামনে। তাই সিরিজের গুরুত্ব অনেক বেশি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফল করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। তবে ফাইনালে যাওয়ার সমীকরণকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং এটিকে অনুপ্রেরণা হিসেবেই দেখছেন তিনি।
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট। আফগানিস্তান সিরিজের পর যারা দেশে ফিরেছিলেন, তারা আগেভাগেই অনুশীলন শুরু করেছেন। পাশাপাশি দেশের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকায় প্রস্তুতিতেও সুবিধা হয়েছে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার মিরপুরে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘প্রস্তুতির দিক থেকে আমি বলব আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। বিশেষ করে আফগানিস্তান সিরিজের পর যে খেলোয়াড়েরা দেশে চলে এসেছিল, তারা আগেভাগেই অনুশীলন শুরু করেছে। আমাদের কন্ডিশনও জানা। স্বাভাবিকভাবেই এখানে খেলার একটা ধারণা আছে। সব মিলিয়ে প্রস্তুতি নিয়ে আমি খুশি।’
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও এই সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। জিম্বাবুয়েতে ক্যাম্প করে প্রস্তুতি সেরেছে তারা। বিপরীতে বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতি ছিল কিছুটা বিচ্ছিন্ন। কেউ খেলেছেন জিম্বাবুয়েতে, কেউ ছিলেন দেশের বাইরে, আবার কেউ দেশে অনুশীলন করেছেন। তবে এটিকে বড় সমস্যা মনে করছেন না অধিনায়ক। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে সিরিজ খেলার কারণে এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা তৈরি হয়েছে ক্রিকেটারদের।
তিনি বলেন, ‘প্রত্যেকটা সিরিজেই চ্যালেঞ্জ থাকবে। তবে আমার মনে হয়, আমাদের খেলোয়াড়েরা যথেষ্ট অভিজ্ঞ। গত কয়েক বছর ধরে আমরা এভাবেই সিরিজের পর সিরিজ খেলছি। এই বিষয়গুলোর সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছি। আরও কিছুটা মানিয়ে নেওয়ার প্রয়োজন আছে, তবে আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। কে কতটুকু সময় পেয়েছে, সে অনুযায়ী যার যেখানে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, নিতে পেরেছে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সমীকরণ নিয়ে বাংলাদেশে এবার বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সাধারণত টেস্ট ক্রিকেটে এমন সমীকরণ নিয়ে খুব বেশি আলোচনা হয় না। কিন্তু এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ফল বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অধিনায়কের কাছে বিষয়টি চাপের নয়, বরং অনুপ্রেরণার।