• খেলা

    ব্যালন ডি’অরে ৫ নম্বরে থেকেও ইতিহাস মেসির

      প্রতিনিধি 27 October 2026 , 11:53:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ব্যালন ডি’অরের সোনালী এই ট্রফিটা সবচেয়ে বেশি শোভা পেয়েছে লিওনেল মেসির হাতে। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী ৩৯ বছর বয়সী এই মহাতারকা এখনো তরুণ সব তারকার সঙ্গে লড়ে যাচ্ছেন। এবার নবম ব্যালন ডি’অর জেতা না হলেও আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলের ইতিহাসে আরেকটি অধ্যায় যোগ করলেন। ব্যালন ডি’অরের শীর্ষ পাঁচের তালিকায় জায়গা করে নেওয়া সর্বকালের সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন ‘এলএম টেন’।

    লন্ডনে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের নাম ঘোষণার পর, বিশ্বজুড়ে হওয়া ভোটে পঞ্চম স্থান অর্জন করেন মেসি। ৩৯ বছর চার মাস বয়সে এই কীর্তি গড়ে ব্যালন ডি’অরের শীর্ষ পাঁচে থাকা আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে সর্বকালের বয়স্ক হওয়ার রেকর্ড ভাঙলেন এই আর্জেন্টাইন জাদুকর।

    আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে মেসির এই রেকর্ড থাকলেও, সব মিলিয়ে ব্যালন ডি’অরের শীর্ষ পাঁচে থাকা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে কিংবদন্তি ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি বুফন এখনো সবার ওপরে আছেন। ২০১৭ সালের ব্যালন ডি’অরের ভোটাভুটিতে ৩৯ বছর ১০ মাস বয়সে চতুর্থ স্থান অর্জন করেছিলেন বুফন।

    ২০২৬ পঞ্জিকা বর্ষে দুর্দান্ত এক সমাপ্তি হলো মেসির এই শীর্ষ পাঁচ অর্জনের মধ্য দিয়ে। এই বছরই তাঁর অধিনায়কত্বে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা, যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে হেরে রানার্সআপ হতে হয় তাদের। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের দীর্ঘস্থায়িত্বের সংজ্ঞা নতুন করে লিখে চলেছেন।

    সর্বশেষ ২০২৩ সালে ব্যালন ডি’অরের মঞ্চে ছিলেন মেসি এবং পুরস্কারও জিতে নিয়েছিলেন-যেটি ছিল ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে গৌরবোজ্জ্বল শিরোপা এনে দেওয়ার স্বীকৃতি। ক্লাব ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অভিজাত আঙিনা ছেড়ে মেজর লিগ সকারে পাড়ি জমানোর পর থেকে মূলত আর্জেন্টিনার জার্সিতে তাঁর সাফল্যই ব্যালন ডি’অরের মনোনয়ন নিশ্চিত করেছে। ঠিক যেমনটা ঘটেছিল ২০২১ সালেও; সে বছর প্রথম সিনিয়র আন্তর্জাতিক ট্রফি হিসেবে কোপা আমেরিকা জেতার সুবাদে ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি।

    এবার পুরস্কারটা নিজের হাতে উঠছে না—এই বিষয়টি নিশ্চিত জেনেই সোমবার রাতের এই জমকালো আয়োজনে লন্ডনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপস্থিত হননি মেসি। বিশেষ করে এই সপ্তাহে ইন্টার মায়ামির ম্যাচ থাকায় (প্রতিপক্ষ এফসি সিনসিনাটি) এত বড় ক্লান্তিকর সফর করাটা নিজের সময় ও শক্তির অপচয় বলেই মনে করেছেন মায়ামি মহাতারকা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:53 AM ব্যালন ডি’অরে ৫ নম্বরে থেকেও ইতিহাস মেসির • 11:42 AM ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে • 11:27 AM হ্যারি কেইনের ব্যালন ডি’অর জয় • 4:41 PM ২৬ দিনে তিন হ্যাটট্রিক, ত্রেসোল্ডিকে চায় জার্মানি ও ইতালি • 3:51 PM তামিমের এক ফোনেই চলে এসেছেন আইপিএল সঞ্চালক • 1:50 PM ২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে • 1:23 PM বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ • 12:23 PM ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের • 11:50 AM লা লিগায় বার্সালোনাকে মাটিতে নামাল রিয়াল • 6:47 PM সালাহউদ্দিনকে ব্যাটিং কোচের দায়িত্ব দিল বিসিবি