
প্রতিনিধি 8 July 2026 , 12:32:01 প্রিন্ট সংস্করণ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ক্রিকেটের আলোচনায় কিছুটা ভাটা পড়েছে। তবে এর মাঝেই টি-টোয়েন্টি ক্রিকেটে বড় এক লজ্জার রেকর্ড গড়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ রানের বিশাল ব্যবধানে হেরে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছে ম্যান ইন ব্লু।
ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০১ রানে সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ভারতের ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৭৬ রানে অলআউট হয় শ্রেয়াস আইয়ারের দল। ফলে ১২৫ রানের বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় গৌতম গম্ভীরের শিষ্যদের।

এর আগে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার ছিল ৮০ রানের। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই পরাজয়ের মুখোমুখি হয়েছিল তারা। এবার ইংল্যান্ডের বিপক্ষে হারে সেই রেকর্ডও পেছনে পড়ে গেল। বড় ব্যবধানে হারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের পরাজয়।
শুধু ব্যবধানেই নয়, দলীয় সংগ্রহেও বিব্রতকর রেকর্ড গড়েছে ভারত। ২০০৮ সালের পর এবারই প্রথম এত কম রানে অলআউট হলো তারা। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে আরও একটি লজ্জার রেকর্ড হয়েছে ভারতের। মাত্র ১১.৪ ওভারেই সব উইকেট হারিয়েছে তারা, যা টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে দ্রুত অলআউট হওয়ার ঘটনা। এর আগে ২০১৫ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭.২ ওভারে অলআউট হয়েছিল তারা।