
প্রতিনিধি 5 October 2026 , 3:16:51 প্রিন্ট সংস্করণ
ম্যাচে করমর্দন না করা, জাতীয় সংগীতের সময় মাথা নিচু করে দাঁড়ানো, মাঠে একাধিক বাগ্বিতণ্ডা। এমনিতেই উত্তপ্ত ছিল আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় নেশন্স লিগ ম্যাচ। এবার সেই ম্যাচ ঘিরে উঠেছে আরও গুরুতর অভিযোগ। আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে এক ইসরায়েলি ফুটবলার থুতু দিয়েছেন বলে অভিযোগ করেছে আইরিশ শিবির।
রোববার সার্বিয়ার বাচকা তোপোলায় দর্শকশূন্য ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। বিরতির বাঁশির পর দুই দলের খেলোয়াড় ও স্টাফরা টানেলের দিকে যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় আয়ারল্যান্ডের ফিটনেস কোচ ড্যামিয়েন ডয়েল অভিযোগ করেন, ইসরায়েলের এক খেলোয়াড় তার দিকে থুতু দিয়েছেন। অভিযুক্ত খেলোয়াড়ের নাম যদিও প্রকাশ করা হয়নি।
ঘটনার পর দুই দলের সদস্যরা মুখোমুখি হয়ে পড়েন। ম্যাচ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল আয়ারল্যান্ড কোচ হেইমির হলগ্রিমসনকে। বিস্তারিত বলতে না চাইলেও তিনি নিশ্চিত করেন, ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন।
হলগ্রিমসন বলেন, ‘আমি সেখানে ছিলাম। এ নিয়ে মন্তব্য করতে চাই না। বিষয়টি শৃঙ্খলা কমিটি দেখবে।’
ইসরায়েল কোচ রান বেন শিমন অবশ্য ঘটনাটি দেখেননি বলে জানিয়েছেন। তার ভাষায়, ‘বিরতির সময় আমি ড্রেসিংরুমে আমার স্টাফদের সঙ্গে ছিলাম। কিছু দেখিনি। দেখে ও যাচাই করে তারপর উত্তর দিতে পারব।’
দুই দলের সাম্প্রতিক দুই ম্যাচ ঘিরে উত্তেজনা অবশ্য নতুন নয়। এক সপ্তাহ আগে হাঙ্গেরিতে প্রথম ম্যাচেও প্রথাগত করমর্দন করেনি দুই দল। সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আয়ারল্যান্ড। ফিরতি ম্যাচেও করমর্দন ও অধিনায়কদের পতাকা বিনিময় হয়নি। প্রতিপক্ষের জাতীয় সংগীতের সময় দুই দলের খেলোয়াড়দের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
রোববারের ম্যাচেও মাঠের উত্তেজনা কয়েকবার প্রকাশ্যে আসে। বিরতির সময় সংঘর্ষের পর যোগ করা সময়েও দুই দলের খেলোয়াড়দের মধ্যে আরেক দফা বাগ্বিতণ্ডা হয়। শেষ বাঁশির পরও উত্তপ্ত বাক্যবিনিময় চলে।
ফুটবলে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ট্রয় প্যারট। দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটের মধ্যেই ইসরায়েলের হয়ে সমতা ফেরান ডর পেরেতজ। পরে ইসরায়েল দুবার বল পোস্টে মারলেও আর গোল হয়নি।