
প্রতিনিধি 17 November 2026 , 12:59:59 প্রিন্ট সংস্করণ
আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে সমর্থকদের মধ্যে। চলতি ফিফা আন্তর্জাতিক বিরতিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোর পাঁচটায় কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। উরুগুয়ের কাছে লা বোমবোনেরায় ২-১ গোলে হারের পর এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি নিশ্চিত করেছেন, কোস্টারিকার বিপক্ষে গোলবারের দায়িত্বে ফিরছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আগের ম্যাচে তিনি খেলতে প্রস্তুত থাকলেও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল।
এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টের নিচে থাকবে। আগের ম্যাচের জন্য সে ফিট ছিল, তবে কিছুটা ঝুঁকি ছিল। যেহেতু আমরা হেরোনিমো রুলির ওপর আস্থা রাখি, তাই তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
একাদশে পরিবর্তনের বিষয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘অনুশীলনের ওপর নির্ভর করে আমরা চার-পাঁচটি পরিবর্তন আনব।’
কোস্টারিকার শক্তিমত্তা নিয়েও সতর্ক স্কালোনি। ২০১৪ সালে লস অ্যাঞ্জেলেসে দলটির বিপক্ষে ম্যাচের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘প্রথমার্ধে তারা আমাদের চমকে দিয়েছিল। আমরা ১-০ গোলে পিছিয়ে পড়েছিলাম। তাদের দলে ভালো খেলোয়াড় রয়েছে এবং এমন একজন কোচ আছেন, যিনি দলকে সুন্দরভাবে খেলাতে পারেন।’
বর্তমানে গুস্তাভো আলফারোর অধীনে খেলা কোস্টারিকার কৌশল নিয়েও প্রশংসা করেন স্কালোনি। তার ভাষায়, ‘বল পায়ে থাকলে তারা খেলার ধরন ও ছক পরিবর্তন করে। বিষয়টি বেশ আকর্ষণীয়। আমরা তাদের বেশ কিছু ভালো দিক দেখেছি। ইকুয়েডরের বিপক্ষেও তারা দারুণ খেলেছে। তারা নিঃসন্দেহে ভালো এবং কঠিন প্রতিপক্ষ।’
এদিকে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির ধারাবাহিকতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন দে লা ফুয়েন্তে। তার মতে, স্কালোনির দায়িত্বে থাকা অব্যাহত থাকাই আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায়।
উরুগুয়ের বিপক্ষে হারের প্রসঙ্গে স্কালোনি জানান, ফলাফল হতাশাজনক হলেও দলের পারফরম্যান্স নিয়ে তারা উদ্বিগ্ন নন। তার মতে, আর্জেন্টিনা নিজেদের চেনা ছন্দেই খেলেছে।
স্কালোনি বলেন, ‘দল ভালো খেলেছে। তারা যেভাবে সাধারণত খেলে, সেভাবেই খেলেছে। তাই আমরা শান্ত আছি। প্রথমার্ধে আমাদের দখলে বল ছিল, সুযোগও তৈরি করেছি। বিরতির সময় কিছু পরিবর্তন আনা হয়েছিল, মূলত ভিন্ন কৌশল পরীক্ষা করার জন্য।’
তবে দ্বিতীয়ার্ধে দ্রুত দুই গোল হজম করায় ম্যাচের নিয়ন্ত্রণ হারায় আর্জেন্টিনা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পাইনি। তারা দুটি গোল করে ফেলেছিল এবং এরপর ম্যাচের ছন্দ কিছুটা হারিয়ে যায়। তবে আমি জোর দিয়ে বলতে চাই, দল চেষ্টা চালিয়ে গেছে এবং ধৈর্য ধরে খেলেছে। এই মুহূর্তে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে, এটি আমাদের স্বস্তি দেয়। আমরা ফলাফলে সন্তুষ্ট নই, তবে দলের স্বাভাবিক পারফরম্যান্সের তুলনায় ফলাফলকে বেশি গুরুত্ব দিচ্ছি না।’
কোস্টারিকার বিপক্ষে একাদশে পরিবর্তন এলেও খেলার মূল কৌশলে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘আগামীকালও আমরা একইভাবে খেলব। খেলার ছক পরিবর্তন করব না। কিছু বেশি আক্রমণাত্মক খেলোয়াড়কে ব্যবহার করতে পারি, তবে আমাদের মূল কৌশল একই থাকবে।’