
প্রতিনিধি 10 November 2026 , 11:27:21 প্রিন্ট সংস্করণ
কুমিল্লা জেলার হোমনা উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এ হোমনা পৌরসভা বনাম মাথাভাঙ্গা ইউনিয়নের মধ্যকার ফুটবল খেলা চলাকালে হোমনা আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জিসান আহমেদ ( নতুন কুঁড়ি সিজন-২ রেজিস্ট্রেশন নং- ২৩৪১০৭) এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেছেন যে, একজন ক্ষুদে খেলোয়াড়ের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করেছেন, যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
উল্লেখ্য, খেলা চলাকালে জিসান আহমেদ হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে দুপুর ২টা ১৯ মিনিটে তাঁর মৃত্যু ঘটে। আজ রাতে স্থানীয়ভাবে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে, যেখানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহফুজুল আলম খান ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আগামীকাল সকালে তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হবে।