• খেলা

    ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে সরালো বিসিবি

      প্রতিনিধি 25 October 2026 , 11:45:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। গত বছরের নভেম্বরে দায়িত্ব নেওয়া সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য একটি পদে দায়িত্ব দেওয়া হবে। আপাতত জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

    শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোচিং প্যানেলে পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। সেখানে বলা হয়েছে, আশরাফুলকে বোর্ডের ভেতরেই অন্য একটি দায়িত্বে পুনর্বিন্যাস করা হবে। তবে তার নতুন দায়িত্ব কী হবে, তা জানায়নি বিসিবি।

    ২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া আশরাফুলকে এই সময়ের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে বিসিবি।

    নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন সালাহউদ্দিন। বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হিসেবে কাজ করছেন তিনি। এর আগে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বেও ছিলেন অভিজ্ঞ এই কোচ।

    এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেও। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আর জাতীয় দলের সঙ্গে কাজ করছি না।’

    নিজের পরবর্তী দায়িত্ব সম্পর্কে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি নতুন দায়িত্বের অপেক্ষায় আছি।’

    ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, শনিবারও মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে ছিলেন আশরাফুল। পরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ তাকে সিদ্ধান্তটি জানায়। জাতীয় দলের ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিদায় নেওয়ার সময় শুধু ‘Thank You’ লিখেছিলেন তিনি।

    গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ সামনে রেখে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান আশরাফুল। পরে তার দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়। তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই জাতীয় দলের কোচিং প্যানেল থেকে সরতে হচ্ছে তাকে।

    সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজেও জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে টাইগাররা। এমন পরিস্থিতিতেই ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনল বিসিবি।

    আগামী ২৮ অক্টোবর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠের দুই ম্যাচের এই সিরিজের আগে ব্যাটিং বিভাগের দায়িত্ব নিতে যাচ্ছেন সালাহউদ্দিন।

    সর্বশেষ সংবাদ
    • 11:45 AM ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে সরালো বিসিবি • 11:14 AM ৪ দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • 5:12 PM বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ • 4:55 PM ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার • 3:51 PM সাফের বাংলাদেশ দলে নতুন মুখ রোনান-মাহি • 1:27 PM বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখতে লাগবে না টিকিট • 1:02 PM মেসিকে নিয়ে আবেগঘন বার্তা বার্সেলোনার • 12:05 PM স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি • 11:34 AM অজেয় থেকে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন আফগানিস্তান • 6:48 PM অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস