
প্রতিনিধি 29 September 2026 , 5:43:38 প্রিন্ট সংস্করণ
ব্রাজিলে সম্প্রতি এক অদ্ভুত ও অবাস্তব ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, রহস্যজনক পরিস্থিতিতে নিখোঁজ হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র! আর বিজ্ঞাপনদাতাদের সঙ্গে চুক্তি টিকিয়ে রাখতে নাকি আসল ভিনিসিয়ুসের জায়গায় তাঁর এক ‘ডুপ্লিকেট’ বা হুবহু নকল নামানো হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রচারিত অবিশ্বাস্য এক ষড়যন্ত্র তত্ত্বে তো আরও এক ধাপ এগিয়ে দাবি করা হচ্ছে বিশ্বকাপের পর সিআইএ, রথসচাইল্ড পরিবার (১৮ শতকের শেষের দিকে বিশ্বখ্যাত ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা প্রভাবশালী এক ইউরোপীয় রাজবংশ) এবং বিশ্বের প্রভাবশালী ‘এলিট’ শ্রেণি নাকি ভিনিসিয়ুসকে হত্যা করে তাঁর জায়গায় অন্য একজনকে বসিয়ে দিয়েছে!
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ও অনুশীলনে যাকে দেখা গেছে, ইন্টারনেট ব্যবহারকারীদের একাংশের মতে তিনি নাকি আসল ভিনিসিয়ুস নন। তাঁদের অদ্ভুত দাবি রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় ভিনিসিয়ুসের উরুতে যে ট্যাটু দেখা যায়, ব্রাজিলের জার্সিতে থাকা খেলোয়াড়ের উরুতে নাকি সেই ট্যাটু নেই!
মূলত এ বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের বিভিন্ন অনলাইন ফোরাম এবং টিকটক অ্যাকাউন্ট থেকে এই আজব গুজবের জন্ম। সম্প্রতি ভিনিসিয়ুসের মুখাবয়বে আসা কিছু নান্দনিক পরিবর্তনকে পুঁজি করেই এই ভুয়া জল্পনা-কল্পনার আগুনে ঘি ঢালা হচ্ছে।
এমনকি কেউ কেউ ভিনিসিয়ুসের চেহারার পরিবর্তন ও ‘ডুপ্লিকেট’ ফুটবলার নামানোর জল্পনাকে এক অদ্ভুত কন্সপিরেসি থিওরির সঙ্গে মিলিয়ে দিয়েছেন। তাঁদের দাবি, বিশ্বকাপ চলাকালে ভিনিসিয়ুস ও নেইমারকে অপহরণ করতেই নাকি ‘রেপটিলিয়ান এলিয়েন’রা আক্রমণ চালিয়েছিল!
ইন্টারনেটে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে ‘ভবিষ্যদ্বক্তা’ দাবি করা ভো বাহিয়ানা বলেন, ‘আমি আবারও স্বপ্নে দেখেছি মায়ামির ফুটবল মাঠে এলিয়েনরা আক্রমণ করেছে। প্রথম যে যানটি এসেছিল, সেটি কীভাবে খেলোয়াড়দের তুলে নিয়ে গেল তা আমি স্পষ্ট দেখেছি। আমি নিজেই সেই যানের ভেতরে ছিলাম। মহাকাশযানটি ওপরে ওঠার পর মাদারশিপ এসে মাঠ থেকে হাজার হাজার মানুষকে তুলে নিয়ে যায়। চারদিকে মানুষের কান্না, চিৎকার আর সীমাহীন কষ্ট দেখেছি আমি।’
তবে ‘ভবিষ্যদ্বক্তা’ ভো বাহিয়ানার এই অবাস্তব ভবিষ্যদ্বাণী যে শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থ ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে, তা বলাই বাহুল্য।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব ভিত্তিহীন ও আজগুবি ‘ফেক নিউজ’কে অবশ্য বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না ভিনিসিয়ুসের কাছের মানুষজন কিংবা স্বয়ং রিয়াল মাদ্রিদ।