
প্রতিনিধি 21 October 2026 , 11:35:29 প্রিন্ট সংস্করণ
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজ বুধবার (২১ অক্টোবর) আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ফাইনালের পথ কঠিন হয়ে পড়েছে টাইগারদের। অন্যদিকে, জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান। তাই শুধু জয় নয়, ফাইনালে উঠতে নেট রান রেটের হিসাবও মেলাতে হবে বাংলাদেশকে।
বর্তমানে +৩.১৬০ নেট রান রেট নিয়ে শীর্ষে আফগানিস্তান। দ্বিতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের নেট রান রেট -০.৫৯০, আর বাংলাদেশের -১.৯৮০। প্রথমে ব্যাট করলে বাংলাদেশকে অন্তত ৪১ রানে জিততে হবে। পরে ব্যাট করলে লক্ষ্য অনুযায়ী নির্ধারিত ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।
ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় ১১টি করে হলেও সাম্প্রতিক সময়ে এগিয়ে আফগানিস্তান। শারজাহ ও আবুধাবিতে শেষ ছয় দেখায় পাঁচটিতেই জিতেছে তারা। বাংলাদেশের সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতে হারও চিন্তা বাড়াচ্ছে।
এদিকে, ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে ছোট ছোট লক্ষ্য নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন ওপেনার তানজিদ হাসান। তাঁর মতে, মানসিকতা ও প্রস্তুতিতে উন্নতি করতে পারলে দেশের বাইরেও ভালো করা সম্ভব। এখন ফাইনালের আশা টিকিয়ে রাখতে মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে টাইগারদের।