
প্রতিনিধি 13 October 2026 , 12:10:57 প্রিন্ট সংস্করণ
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্লাবে ফেরার পর ব্যাক টু ব্যাক গোল করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নেফচি ফেরগানার বিপক্ষে জয় পেয়েছে আল নাসর।
সোমবার রাতে ঘরের মাঠ আল আউয়াল পার্কে আল নাসরের জয় জয় ৩-১ ব্যবধানে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তায় আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত মাঠে গড়ায় ম্যাচটি।
রিয়াদের স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। পরে সম্প্রচারকারী প্রতিষ্ঠান জানায়, ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার সময় প্রতিহত করা হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনার খবর দেয় বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনেও আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে শান্ত থাকার পাশাপাশি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, জানালা-দরজা থেকে দূরে থাকা এবং বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়।
মাঠের বাইরের উদ্বেগ অবশ্য আল নাসরের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারেনি। ম্যাচের ৩৩তম মিনিটে আল নাসরের হয়ে গোলের সূচনা করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এর নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল।
৫১তম মিনিটে আলিশের ওদিলভ গোল করে নেফচিকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। ৭৮তম মিনিটে আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত আর গোল না হলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াদের ক্লাবটি।
দুই ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচে দুটিতেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন।