
প্রতিনিধি 9 September 2026 , 4:59:36 প্রিন্ট সংস্করণ

জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। এই হারের ফলে টুর্নামেন্টের পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ জাপান।
আজ শুরুতেই দুই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় পাকিস্তান। নবম মিনিটে রানা ওয়ালিদের ফিল্ড গোলে এগিয়ে যাওয়ার পর ১২তম মিনিটে আবারও গোল করেন তিনি। প্রথম কোয়ার্টার শেষেই ২-০ ব্যবধানে লিড নেয় পাকিস্তান।

দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে অবশ্য বাংলাদেশ নিজেদের রক্ষণ সামলে লড়াইয়ে ফেরার চেষ্টা করে। পাকিস্তানের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
৫২তম মিনিটে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে পাকিস্তান। মোস্তফা গুলাম ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই ম্যাচ শেষ হয়।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নেওয়ার পর আজকে আবার হারের মুখ দেখল লাল-সবুজের প্রতিনিধিরা।