• খেলা

    ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় স্থগিত কোপা দেল রের সব ম্যাচ

      প্রতিনিধি 28 October 2026 , 6:59:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    স্পেনের টলেডো প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে। দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় বুধবারের কোপা দেল রের প্রথম রাউন্ডের সব ম্যাচ স্থগিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

    বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে লস ইয়েবেনেস ও উর্দা এলাকার মাঝামাঝি দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। স্পেনের সংবাদমাধ্যম সংস্থা ইউরোপা প্রেসের খবর অনুযায়ী, রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি ট্রেনের সঙ্গে রেললাইনে দাঁড়িয়ে থাকা বেসরকারি সংস্থা ইরিওর একটি ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালে ছিটকে পড়ে।

    দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্পেনের আরেক সংবাদমাধ্যম এল স্প্যানিওলের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৭৯ জনের বেশি মানুষ। উদ্ধারকর্মী, দমকল ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

    বিবৃতিতে আরএফইএফ জানায়, ‘বুধবার ভোরে স্পেনের টলেডো প্রদেশে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে, আজ বিকেল ও সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ—কোপা দেল রে (কিংস কাপ)-এর প্রথম রাউন্ডের সব ২৪টি ম্যাচ স্থগিত করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত পুরো স্প্যানিশ ফুটবল পরিবার ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার করছে।’

    স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে রয়েছে নাভালকারনেরো–রিয়াল বেতিস, সালামাঙ্কা–সেল্তা ভিগো ও তাভেরনেস–ভ্যালেন্সিয়ার লড়াই। স্থগিত ম্যাচগুলোর নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবারের ম্যাচগুলো আয়োজন করা হবে কি না, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন।

    দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে ক্লাবটি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে বার্সেলোনাও। আতলেতিকো মাদ্রিদও নিহতদের স্বজনদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

    দুর্ঘটনার পর কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলে জরুরি উদ্ধার পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার অভিযান ও তদন্ত চলার মধ্যে স্থগিত ম্যাচগুলোর নতুন সূচি এবং বৃহস্পতিবারের খেলাগুলোর ভাগ্য জানতে অপেক্ষা করছে স্প্যানিশ ফুটবল।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:59 PM ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় স্থগিত কোপা দেল রের সব ম্যাচ • 5:22 PM আলো-আধারের লুকোচুরিতে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান • 3:51 PM এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয় • 3:28 PM টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ • 12:52 PM আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক • 12:02 PM প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 11:48 AM বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী • 11:30 AM বিশ্বকাপের মাঝপথের সেই দুঃস্বপ্নের স্মৃতিচারণ করলেন রোমেরো • 11:19 AM টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক • 4:46 PM ৪৩ রান প্রয়োজন মুশফিকের