
প্রতিনিধি 4 August 2026 , 1:59:25 প্রিন্ট সংস্করণ

আগামী ৫ আগস্ট বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। ১৩ দিনের এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। সফর শেষ করে দলটি ১৭ আগস্ট নিজ দেশে ফিরে যাবে।
সফরসূচি অনুযায়ী, ৫ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর পর ৬ ও ৭ আগস্ট মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে (এনসিএজি) অনুশীলন করবে মালয়েশিয়া দল। এরপর ৮ আগস্ট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে তারা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। একই ভেন্যুতে ১০ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

দুটি টি-টোয়েন্টির মাঝখানে ৯ আগস্ট এবং দ্বিতীয় টি-টোয়েন্টির পর ১১ আগস্ট বিশ্রাম অথবা অনুশীলনের সুযোগ থাকবে সফরকারী দলের জন্য।
টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে মালয়েশিয়া। ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে। ম্যাচগুলোর মাঝের দিনগুলো—১৩ ও ১৫ আগস্ট অনুশীলন কিংবা বিশ্রামের জন্য নির্ধারিত রয়েছে।
পাঁচ ম্যাচের এই সফর দুই দলের ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টদের আশা। নির্ধারিত সূচি শেষে ১৭ আগস্ট বাংলাদেশ ত্যাগ করবে মালয়েশিয়া দল।