
প্রতিনিধি 5 November 2026 , 4:51:26 প্রিন্ট সংস্করণ
বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

একই সময়ে প্রধানমন্ত্রী অনলাইনে যুক্ত হয়ে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এই দ্বিতীয় আসরের সূচনা ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রতিযোগিতার ১০টি ইভেন্টে অংশ নেওয়া ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
খুলনা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে শিশু-কিশোর ও গ্যালারিতে উপস্থিত ক্রীড়ামোদী দর্শনার্থীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশ থেকে তরুণ ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এটি বাস্তবায়ন করছে। আশির দশকের অত্যন্ত জনপ্রিয় সংস্কৃতিবিষয়ক প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলেই ক্রীড়াক্ষেত্রে এই বৃহৎ ফ্রেমওয়ার্ক গড়ে তোলা হয়েছে।
এবারের আসরে আগের আটটি ইভেন্টের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে খেলোয়াড়রা তাদের পারদর্শিতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। দ্বিতীয় আসরে শুধুমাত্র খুলনা বিভাগ থেকেই ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে।
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চলতি বছরের ২ মে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর উদ্বোধন করা হয়েছিল।