
প্রতিনিধি 4 November 2026 , 3:01:50 প্রিন্ট সংস্করণ
দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগে গেল বছর বেশ হইচই পড়ে গিয়েছিল। তামিম ইকবালের বোর্ড দায়িত্ব গ্রহণের পর নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও পর্যালোচনা করতে স্বাধীন কমিটি গঠন করেছে।
পাঁচ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিসিবির অ্যাডহক কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার রাশনা ইমামকে।
কমিটির অন্য তিন সদস্য হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার অনিতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। পঞ্চম সদস্য হিসেবে থাকবেন একজন সাবেক নারী ক্রিকেটার। তবে তার নাম এখনও চূড়ান্তভাবে জানা যায়নি।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি জানান, ৪ জনের নাম চূড়ান্ত হয়েছে বাকি আরও একজনকে নেওয়া হবে। সাবেক ক্রিকেটার একজনকে যুক্ত করা হবে। দ্রুতই আমরা জানিয়ে দেব। অভিযোগ পাওয়া মাত্রই এখন থেকে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন তিনি।