
প্রতিনিধি 3 November 2026 , 11:46:44 প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের অবসরের খবর জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
‘দ্য বিগ শো’ নামে পরিচিত ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণেই খেলেছেন। তবে সাদা বলের ক্রিকেটেই তাঁর পরিচিতি বেশি। ২০১২ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন ২৮৬টি আন্তর্জাতিক ম্যাচ। ব্যাট হাতে করেছেন ৭ হাজার ২২৬ রান, বল হাতে নিয়েছেন ১৩৬ উইকেট।
অস্ট্রেলিয়ার সাফল্যেও বড় অবদান রয়েছে ম্যাক্সওয়েলের। ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০২১ সালে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথচলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির রেকর্ড ম্যাক্সওয়েলের। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংসটি এসেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। আফগানিস্তানের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২৮ বলে অপরাজিত ২০১ রান করেছিলেন তিনি।
ম্যাচটিতে একসময় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে চোট নিয়েও অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে জয় এনে দেন ম্যাক্সওয়েল। তাঁর সেই ইনিংস ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে এসেছে ১০টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি। চার মেরেছেন ৬৫৮টি, ছক্কা ৩১২টি।