
প্রতিনিধি 2 November 2026 , 6:45:55 প্রিন্ট সংস্করণ
টানা চার ম্যাচে বড় হারের হতাশা কাটিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে অবশেষে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন আশরাফুল ইসলামরা।
সোমবার ভারতের পাঞ্জাবের জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লাল-সবুজের দল। মাত্র ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে এগিয়ে দেন চেন বেনহাই।
প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে বেশ লড়াই করতে হয় বাংলাদেশকে। অবশেষে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে স্বস্তি ফেরান আশরাফুল ইসলাম।
এরপর শেষ পর্যন্ত আক্রমণ ও পাল্টা আক্রমণের ম্যাচটিতে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় লড়াই।
এবারের আসরে বাংলাদেশের যাত্রা মোটেও সুখের ছিল না। উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হারের পর জাপানের বিপক্ষে লড়াই করেও ১-০ গোলে হেরেছিল দল।
এরপর মালয়েশিয়ার কাছে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে পয়েন্টশূন্য ছিল বাংলাদেশ।
তবে টানা চার হার শেষে চীনের বিপক্ষে এই ড্র দলের খেলোয়াড়দের মানসিকভাবে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
গ্রুপ পর্বের বাধা টপকাতে না পেরে টুর্নামেন্টে জয়হীনই থাকতে হলো বাংলাদেশকে।
চলতি টুর্নামেন্টে নিজেদের শেষ ও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আগামী পরশু আবারও এই চীনের মুখামুখি হবে বাংলাদেশ দল।