
প্রতিনিধি 31 October 2026 , 11:30:10 প্রিন্ট সংস্করণ
বল হাতে প্রথম ইনিংসে আলো ছড়ানোর পর এবার ব্যাটিংয়েও দ্বিতীয় ইনিংসে দলের নায়ক নাঈম হাসান। তার ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেল বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিডসহ ওয়েস্ট ইন্ডিজকে তারা দিল ১৭০ রানের লক্ষ্য।
ম্যাচটি জিততে বাংলাদেশকে গড়তে হবে একাধিক রেকর্ড। টেস্টে এর আগে কখনও ২০৪ রানের কম লক্ষ্য দিয়ে জেতেনি বাংলাদেশ। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৪ রানের লক্ষ্য দিয়ে ৬৩ রানে জিতেছিল তারা।
এছাড়া মিরপুরের মাঠে ২৩১ রানের কম লক্ষ্য দিয়ে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে ২৩১ রানের পুঁজি নিয়ে ১৭ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশকে দেড়শর কাছাকাছি নেওয়ার কারিগর মূলত নাঈম। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫২ রানের ইনিংস খেলেন অফ স্পিনার। টেস্ট ক্যারিয়ারে এটিই তার প্রথম ফিফটি।
৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফিরে যান জাকের আলি। এরপর শেষের তিন ব্যাটারকে নিয়ে আরও ৫৮ রান যোগ করেন নাঈম। যেখানে তার অবদান ৩৩ রান।
হাসান মাহমুদ ৮, তাইজুল ইসলাম ৮ ও শরিফুল ইসলাম ৭ রান করে ছোট তবে মহাগুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আগের দিন ইতিবাচক ব্যাটিং করে ভালো কিছুর বার্তা দিয়েছিলেন নাঈম। শনিবার সকালে সেটিই ধরে রাখেন তিনি। ক্যারিবিয়ান স্পিনের বিপক্ষে সুইপ শটের দারুণ ব্যবহারে রান বাড়াতে থাকেন তিনি।
নাঈমের কল্যাণেই নতুন দিনে ১৯.৪ ওভার খেলে শেষ ৪ উইকেটে ৬৩ রান যোগ করতে পারে বাংলাদেশ।
ব্যাটিং ভরাডুবির ইনিংসে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটার মিলে করেছেন ২৭ রান। সেখানে নাঈম একাই করেছেন তাদের প্রায় দ্বিগুণ রান।
বাংলাদেশকে দেড়শর আগে থামানোর পথে ৩৬ রানে ৫ উইকেট নেন রস্টন চেইস। এটি তার পঞ্চম ৫ উইকেট। এছাড়া জোমেল ওয়ারিক্যান নেন ৬৩ রানে ৪ উইকেট।