
প্রতিনিধি 13 October 2026 , 12:27:59 প্রিন্ট সংস্করণ
আসন্ন নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দল পুনর্গঠনে বড় ধরনের কৌশলগত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর অংশ হিসেবে যুক্তরাজ্যভিত্তিক স্ক্রাউটিং কার্যক্রম শুরু এবং একটি স্থায়ী অনূর্ধ্ব-২৩ দল গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে সংস্থাটি।
জাতীয় দল, ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল কমিটির এক যৌথ সভা শেষে সোমবার নতুন এই উদ্যোগের কথা জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
দলের সাম্প্রতিক পারফরম্যান্সের সংকট নিরসন ও ভবিষ্যতের তরুণ প্রতিভাদের মূল দলে আসার স্পষ্ট পথ তৈরি করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।
সদ্য সমাপ্ত আসিয়ান কাপে দলের হতাশাজনক অভিজ্ঞতার কথা স্মরণ করে তাবিথ আউয়াল খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। অনুমোদনহীন (খ্যাপ খেলা) স্থানীয় খেলায় অংশ নেওয়া এবং সামাজিক মাধ্যমে বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগ নিয়ে তিনি সরাসরি ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।
বাফুফে সভাপতি বলেন, ‘বিষয়টি আমি নিজে তদন্ত করে দেখব। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শেষে কমিটির কাছে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করব।’
পাশাপাশি স্থানীয় ও বিদেশি কোচিং স্টাফদেরও জবাবদিহিতার আওতায় আনতে বাধ্যবাধকতামূলক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজকের মিটিংয়ে।
ঘরের মাঠে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু হবে। (সম্ভাব্য) ৩১ অক্টোবরের দিকে কোনো বিদেশি ক্লাব বা জাতীয় দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের আশা করছেন বাফুফে সভাপতি।
তবে ফিফা উইন্ডো শুরু হওয়ার আগে অধিকাংশ প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে না। ৯ নভেম্বর ফিফা উইন্ডো খুললে এবং টুর্নামেন্ট শুরুর চার দিন পর তারা দলে যোগ দেবেন বলে অধিকাংশ ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে দল নামাতে হতে পারে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রতি ফিফা উইন্ডোতে অনূর্ধ্ব-২৩ দলকে সক্রিয় রেখে অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের সরাসরি সেতু হিসেবে কাজ করবে। সবশেষ কয়েকটি এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের ভরাডুবির পর নড়েচড়ে বসেছে ফেডারেশন।
এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত ১৪ থেকে ১৭ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি তরুণদের জন্য বছরে দুটি স্কাউটিং ক্যাম্প পরিচালনা করবে বাফুফে। ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী আসার পর কিউবা মিচেল, ফারহান আলী ওয়াহিদসহ বয়সভিত্তিক দলে বেশ কয়েকজন সম্ভাবনাময়ী ফুটবলার লাল সবুজের ক্যাম্পে ডাক পেয়েছেন। সঠিক স্কাউটিং এর মাধ্যমে সেই ধারাবাহিকতা ধরে রাখতেই আরও জোরালো পদক্ষেপ হাতে নিচ্ছে বাফুফে।
তাবিথ আউয়াল বলেন, ‘আমরা বিশ্বাস করি এটি ভবিষ্যতে যুক্তরাজ্যের বাংলাদেশি প্রবাসীদের মধ্য থেকে নতুন ফুটবলার তৈরির একটি শক্তিশালী পথ উন্মোচন করবে।’ তবে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার মতো বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিয়ে দলে নেওয়ার বদলে বাংলাদেশ কেবল খাঁটি বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের ওপরই জোর দেবে বলে তিনি পরিষ্কার করেন।