
প্রতিনিধি 2 November 2026 , 11:39:42 প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের নতুন প্রমাণ দিল নামিবিয়া। জেজে স্মিটের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে দলটি। পঞ্চম ও শেষ ম্যাচে ৫ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা।
নামিবিয়ার ক্রিকেট ইতিহাসে এই সিরিজ জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জেতেনি দলটি। অন্যদিকে আইসিসির সহযোগী সদস্য দেশের কাছে এটি আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে সিরিজ হার। ২০২১ সালে নেদারল্যান্ডসের কাছেও সিরিজ হেরেছিল আইরিশরা।
উইন্ডহোকে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে নামিবিয়ার পেসারদের সামনে শুরু থেকেই নড়বড়ে ছিল তাদের ব্যাটিং। দুই ওপেনার টিম টেক্টর ও অ্যান্ডি বালবার্নি ফিরে যান এক অঙ্কের রানেই। কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৯তম ওভারে ২৯ রানের জুটিটি ভেঙে দেন জ্যাক ব্রাসেল।
এরপর আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান জেজে স্মিট। ২৩তম ওভারের প্রথম বলে অধিনায়ক লরকান টাকারকে ফিরিয়ে শুরু করেন তিনি। একই ওভারে কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেলকেও শূন্য রানে সাজঘরে পাঠান এই পেসার। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নামিবিয়ার হাতে।
পরে গ্যাভিন হোয়েকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন স্মিট। শেষ ব্যাটার জয় মুন্দ্রাকে আউট করেন ব্রাসেল। তাতে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। স্মিট ২১ রানে ৪ উইকেট নেন। ব্রাসেলের শিকার ২৮ রানে ৩ উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নামিবিয়া। দুই ওপেনারের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। লোরেন স্টিনক্যাম্প ৪৪ বলে করেন ৪৬ রান। অধিনায়ক জেরার্ড এরাসমাসের ব্যাট থেকে আসে ১৮ বলে ঝোড়ো ৩০ রান।
শেষ পর্যন্ত ২২তম ওভারে জেন গ্রিনের ছক্কায় জয় নিশ্চিত করে নামিবিয়া। ১৭২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় স্বাগতিকেরা।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক নামিবিয়ার জন্য এটি ছিল মাত্র দ্বিতীয় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা। চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল নামিবিয়া। এবার শেষ ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ও তুলে নিল দলটি।