
প্রতিনিধি 2 November 2026 , 4:55:44 প্রিন্ট সংস্করণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্যানেল।
দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে প্রোটিয়ারা। সেই জয়ের ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষেও ধরে রাখতে চান দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড।
বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি বাংলাদেশের বিপক্ষে খেলবে হাইভেল্ডের দুই ভেন্যুতে।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
ঘোষিত দলে ফিরেছেন টনি ডি জর্জি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি এই ব্যাটসম্যান। দলে জায়গা পেয়েছেন জুবায়ের হামজাও।
পেস আক্রমণেও ফিরেছেন আনরিখ নরকিয়া। কুঁচকির চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর আবারও দলে জায়গা পেয়েছেন তিনি।
পেস বিভাগে তার সঙ্গে থাকছেন কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, অলরাউন্ডার করবিন বশ, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার। তবে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকায় বিবেচনায় আসেননি পেসার লুঙ্গি এনগিডি।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষেও ভালো করতে চায় তার দল।
তবে কন্ডিশন বিবেচনায় পেস বোলিংয়ের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে স্বাগতিকেরা।
কনরাড বলেন, হাইভেল্ডের উইকেট সাধারণত পেস ও বাউন্সের জন্য পরিচিত। যদিও সাম্প্রতিক সময়ে ওয়ান্ডারার্সে স্পিনাররাও কিছুটা সুবিধা পেয়েছেন। তাই কন্ডিশন বিবেচনায় দলে পেস বোলিংয়ের বিকল্প বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে।
বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা। কনরাডের মতে, হাইভেল্ডের কন্ডিশনে বাংলাদেশের পেসাররাও কার্যকর ভূমিকা রাখতে পারেন। ব্যাটিং বিভাগে টনি ডি জর্জির প্রত্যাবর্তন ও জুবায়ের হামজার অন্তর্ভুক্তি দলকে বাড়তি শক্তি দেবে বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দল টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। সেবার দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকরা।
দুই টেস্টের সিরিজ সামনে রেখে আগামী ১১ নভেম্বর জোহানেসবার্গে একত্র হবেন দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরা।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড:
টেম্বা বাভুমা, মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটস্কি, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামকা, মার্কো ইয়ানসেন, কেশাভ মাহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন