
প্রতিনিধি 14 September 2026 , 5:40:18 প্রিন্ট সংস্করণ
জাতীয় দলের খেলা থাকায় তড়িঘড়ি করে ইংল্যান্ড থেকে ফিরতে হলো হাসান মাহমুদকে। ব্যস্ত সূচির কারণে কাউন্টি দল কেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইংল্যান্ড ছাড়লেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার পর তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে।
ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই সপ্তাহে কেন্টের হয়ে আর খেলতে পারবেন না এই পেসার। কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ভাগে হাসানকে হারিয়ে আমরা হতাশ। তবে গঠনমূলক আলোচনার পর বিসিবির নেওয়া সিদ্ধান্তকে আমরা সম্মান করি। শীতের সূচির জন্য তাকে শুভকামনা জানাই।’
হাসানকে না পাওয়াটা কেন্টের জন্য বড় ধাক্কা হলেও শেষ দুই ম্যাচে দলের অন্য দুই বিদেশি বোলার পাওয়া যাবে বলে জানিয়েছেন কুক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদও। কুক বললেন, ‘হাসানকে আমরা খুব মিস করব। তবে আমাদের অন্য দুই বিদেশি বোলার কিথ ডাজিয়ন ও খালেদ আহমেদ শেষ দুই ম্যাচের জন্য অ্যাভেইলেবল থাকবে।’
চলতি মৌসুমে কেন্টের হয়ে দারুণ সময় কাটিয়েছেন হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টিতে ৩০ উইকেট নিয়ে দলের গুরুত্বপূর্ণ বোলারে পরিণত হয়েছেন তিনি। কিন্তু বাংলাদেশের সঙ্গে এশিয়ান গেমসের দলে থাকায় ফিরতে হলো তাকে। কেন্ট জানিয়েছে, মৌসুমে তার অবদানের জন্য ক্লাব কর্তৃপক্ষ কৃতজ্ঞ এবং ভবিষ্যতে তাকে আবারও দলে স্বাগত জানানো হবে।