• খেলা

    আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে

      প্রতিনিধি 13 September 2026 , 12:15:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার খুঁজে বের করে তাদের বড় মঞ্চে প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী একটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা দল অংশ নেবে।

    দেশের আটটি বিভাগকে নিয়ে মোট ১০টি আঞ্চলিক পর্বে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ফরিদপুর ও কুমিল্লাকে পৃথক অঞ্চল হিসেবে বিবেচনা করা হবে। প্রতিটি অঞ্চলের চ্যাম্পিয়ন দল ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সেখানে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

    ট্রাস্টের সমন্বয়ক ও বিসিবি পরিচালক শরফরাজ আহমেদ আজ মিরপুরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান।

    শরফরাজ বলেন, “আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ক্রিকেটার আছেন, যারা খেলার সুযোগ পান না। এই টুর্নামেন্টের মাধ্যমে তারা একটি ভালো প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।”

    টুর্নামেন্টে খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট কোনো শ্রেণিভিত্তিক বাধ্যবাধকতা থাকবে না। প্রতিযোগিতা চলাকালে প্রাপ্যতা অনুযায়ী জাতীয় দল, প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ও অন্যান্য পর্যায়ের ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন।

    আয়োজকরা জানিয়েছেন, জেলার সংখ্যা ও সাংগঠনিক সুবিধার ভারসাম্য বিবেচনা করেই ১০টি অঞ্চলের কাঠামো নির্ধারণ করা হয়েছে।

    শরফরাজ স্পষ্ট করেছেন, টুর্নামেন্টটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে আয়োজিত হবে না।

    তিনি বলেন, “এটি পুরোপুরি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের অধীনে হবে। আয়োজক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।”

    সমন্বয়ক জানান, গত ১২ বছর ধরে বিভিন্ন সময়ে বাংলাদেশ ও বিদেশে কোকোর স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে ট্রাস্ট। তবে কোভিড-১৯ মহামারির সময় এসব কার্যক্রম স্থগিত ছিল।

    তিনি বলেন, “আমরা টুর্নামেন্টগুলোকে একটি ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করছি এবং বাংলাদেশজুড়ে বিভাগীয় পর্যায়ে আরাফাত রহমান কোকো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে চাই।”

    এখনও ভেন্যু চূড়ান্ত করা হয়নি। আয়োজকরা জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি প্রস্তাবিত সময়ে মাঠের প্রাপ্যতা বিবেচনা করে ভেন্যু নির্বাচন করা হবে। পুরস্কারের অর্থমূল্যসহ আয়োজনের বিস্তারিত পরে জানানো হবে।

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

    তার দায়িত্বকালীন বয়সভিত্তিক ক্রিকেট ও খেলোয়াড় উন্নয়ন কাঠামো শক্তিশালী করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। বিসিবির খেলোয়াড় তৈরির পাইপলাইন সমৃদ্ধ করার ক্ষেত্রে তিনিই প্রথম উদ্যোগ নেন এবং তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারদের উঠে আসার পথ তৈরি করেন, যারা গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন।

    বাংলাদেশ ক্রিকেটের খেলোয়াড় তৈরির পাইপলাইন গড়ে তোলায় তার অবদানের কথাও সাম্প্রতিক সময়ে বিসিবি স্মরণ করেছে।

    শরফরাজ বলেন, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো কোকোর স্মৃতি ও ক্রিকেট এবং ক্রীড়াঙ্গনে তার অবদান দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:59 PM ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় স্থগিত কোপা দেল রের সব ম্যাচ • 5:22 PM আলো-আধারের লুকোচুরিতে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান • 3:51 PM এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয় • 3:28 PM টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ • 12:52 PM আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক • 12:02 PM প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 11:48 AM বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী • 11:30 AM বিশ্বকাপের মাঝপথের সেই দুঃস্বপ্নের স্মৃতিচারণ করলেন রোমেরো • 11:19 AM টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক • 4:46 PM ৪৩ রান প্রয়োজন মুশফিকের