• খেলা

    ইসলাম গ্রহণ করেছেন কিংবদন্তি রবার্তো কার্লোস?

      প্রতিনিধি 19 August 2026 , 12:46:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    মরোক্কান তরুণীকে বিয়ের খবরের পর এবার নতুন আলোচনায় ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস। ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে গুঞ্জন জোরদার হলেও কার্লোসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। গোল ডটকম।

    তুর্কি সংবাদমাধ্যম হাবেরলারসহ বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে এসে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী এই তারকা।

    ঘটনাটি নতুন করে আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক্সে একটি বার্তা দেন তিনি।

    সাউ পাওলোভিত্তিক সংগঠন ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথের’ প্রতিনিধি শেখ জিহাদ হামাদার উদ্ধৃতি দিয়ে আলিসাহিন জানান, কার্লোস দীর্ঘদিন ধরে শেখ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। চার সপ্তাহ আগে তিনি শেখ হামাদার সঙ্গে দেখা করেন এবং শাহাদাহ পাঠ করেন। পোস্টে আলিসাহিন ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে শুভেচ্ছা জানান এবং তাঁর ও তাঁর পরিবারের সুখ-শান্তি কামনা করেন।

    ইসলাম ধর্ম গ্রহণের এই সংবাদের ঠিক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্লোসের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। ফিফা নিবন্ধিত খেলোয়াড় এজেন্ট ও মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

    প্রতিবেদনে বলা হয়, তাঁদের এই বিয়ে সম্প্রতি ঘটেনি, চলতি বছরের জানুয়ারি মাসেই বিয়ের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে এবং ২৫ জুলাই পারিবারিকভাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলোয়াড় ব্যবস্থাপনার কাজের সূত্রে পরিচয়ের পর এই সম্পর্কের সূচনা বলে জানা গেছে।

    রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে ফুটবলের বর্ণিল ক্যারিয়ার গড়া এই তারকা ক্যারিয়ারের শেষভাগে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতেও খেলেছেন। তাই তুর্কি সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে এই খবর ব্যাপকভাবে চাউর হয়েছে।

    তুর্কি সাংসদ ও বিভিন্ন সংবাদমাধ্যমের সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও রবার্তো কার্লোস নিজে বা তাঁর প্রতিনিধি দল এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ভক্ত ও ফুটবল বিশ্ব এখন অপেক্ষা করছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডারের নিজস্ব প্রতিক্রিয়া বা ঘোষণার জন্য।

    সর্বশেষ সংবাদ
    • 5:41 PM এশিয়ান গেমসে ১১ বছরের কুরিহারার স্বর্ণজয় • 5:22 PM মালয়েশিয়াকে নিয়ে সতর্ক বাংলাদেশ • 3:24 PM যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাস • 11:55 AM ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে : স্পিকার • 11:43 AM জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী • 11:25 AM হাসান-খালেদের অবদানে প্রথম বিভাগে ফিরল কেন্ট • 11:19 AM ৫ গোলের রোমাঞ্চে আবারও স্পেনের ইংলিশ বধ, কেইনের দুঃস্বপ্ন • 6:06 PM বড় শাস্তির শঙ্কায় ম্যানচেস্টার সিটি • 5:43 PM ‘২০২৭ বিশ্বকাপই শেষ’-জানালেন কোহলি • 3:27 PM প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ ইকার্দির