
প্রতিনিধি 19 October 2026 , 4:12:20 প্রিন্ট সংস্করণ
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে সোমবার স্টেডিয়ামটি পরিদর্শন করেন বিসিবির ছয় সদস্যের প্রতিনিধি দল।
পরিদর্শন শেষে বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ বিভাগের ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন জানান, স্টেডিয়ামের মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসা ও লজিস্টিক সুবিধা এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত ব্যবস্থাগুলো তাঁদের সন্তুষ্ট করেছে।
তিনি বলেন, “এটা অসাধারণ একটি ভেন্যু। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ। সবাই সহযোগিতাপরায়ণ ও সহায়তাপ্রবণ। উইকেট, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসা ও লজিস্টিক সুবিধা, সাংবাদিকদের বসার জায়গা এবং সংবাদ কাভারেজের ব্যবস্থা দেখেছি।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচ অনুষ্ঠিত হলেও, এই প্রথম কোনো বিদেশি জাতীয় দল মাঠটিতে খেলতে নামছে।
এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান বলেন, “ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের একটি ম্যাচ হবে। এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য এটি অবশ্যই গৌরবের বিষয়।”
তিনি আরও বলেন, “বিসিবি এ ধরনের আয়োজন করতে অভ্যস্ত, আর আমরা একেবারেই নতুন। তাই তাদের দিকনির্দেশনা নিয়েই কাজ এগিয়ে নিচ্ছি। তাদের কথাবার্তা থেকে আমার মনে হয়েছে, তারা পুরোপুরি সন্তুষ্ট।”
এদিকে এবিজি স্পোর্টস সিটিতে আরও একটি ক্রিকেট মাঠ নির্মাণের কাজ চলছে। সংশ্লিষ্টদের আশা, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেট আয়োজনের সম্ভাবনা তৈরি করবে।