• খেলা

    বাবা কারাগারে, মাঠে আলো ছড়াচ্ছেন রবিনিও জুনিয়র

      প্রতিনিধি 18 November 2026 , 12:56:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    একই সময়ে দুজনের জীবন কাটছে দুই ভুবনে। একজন ফুটবল মাঠে নিজের পরিচয় তৈরি করার জন্য লড়ছেন, আরেকজন কারাগারে বসে ছেলের ফুটবল–জীবনের দিকে তাকিয়ে আছেন। একজনের সামনে ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রমাণ করার হাতছানি, অন্যজনের সামনে দীর্ঘ কারাবাসের বাস্তবতা। অথচ তাদের পরিচয় এক সুতোয় বাঁধা-একজন বাবা, অন্যজন ছেলে। বাবার নাম রবিনিও, আর ছেলের নাম রবিনিও জুনিয়র।

    একসময়ের ব্রাজিলের ফুটবল জাদুকর রবিনিওর ফুটবল–জীবন শেষ হয়েছে এক কলঙ্কিত অধ্যায়ে। ধর্ষণের মামলায় ৯ বছরের কারাদণ্ড নিয়ে এখন কারাগারে দিন কাটছে তার। আর সেই কারাগারের বাইরে, ফুটবল মাঠে বাবার নামের ভার মাথায় নিয়ে নিজের ভাগ্য নিজেই গড়ছেন ১৮ বছর বয়সী রবিনিও জুনিয়র। সম্প্রতি পেরুর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে অভিষেক ম্যাচে জোড়া গোল করে নিজের আগমনী বার্তা দিয়েছেন এই ফরোয়ার্ড।

    ২০০৭ সালের ১৭ ডিসেম্বর সাও পাওলোর পৌর শহর সান্তোসে সান্তোসে জন্ম রবিনিও জুনিয়রের। তার পুরো নাম রবসন ডি সুজা জুনিয়র। তবে ব্রাজিলিয়ান ফুটবলে তিনি পরিচিত রবিনিও জুনিয়র নামেই। বাবার পথ ধরেই ২০২২ সালে মাত্র ১৫ বছর বয়সে সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেন। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পর ২০২৫ সালে মূল দলের ৭ নম্বর জার্সি গায়ে জড়ান তিনি-যে জার্সিতে একসময় মাঠ মাতিয়েছিলেন তার বাবা।

    গত বছরের জুলাইয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর সান্তোসের আক্রমণভাগে নিজের স্থায়ী জায়গা করে নেন জুনিয়র। এমনকি গত এপ্রিলে ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন হন তিনি। তবে সান্তোসে কোচিং স্টাফদের সঙ্গে কিছুটা জটিলতা এবং মূল দলে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় গত সেপ্টেম্বর মাসে ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব জেনোয়ায় এক মৌসুমের জন্য ধারে যোগ দেন এই তরুণ সেনসেশন। চুক্তির মেয়াদ শেষে তাকে স্থায়ীভাবে কেনার সুযোগও রয়েছে ক্লাবটির।

    জাতীয় দল বেছে নেওয়ার ক্ষেত্রেও রবিনিও জুনিয়রের সামনে খোলা রয়েছে দুটি বড় সুযোগ। মা ভিভিয়ান গুজলিয়েলমেত্তির ইতালিয়ান নাগরিকত্বের সুবাদে চাইলে তিনি ইতালির জার্সিতেও খেলতে পারেন। সম্প্রতি পেরুর বিপক্ষে ম্যাচ শেষে এই বিষয়ে জানতে চাওয়া হলে জুনিয়র জানান, আপাতত দুটি দরজাই খোলা রাখতে চান তিনি। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ পাওলো ভিক্টরের আস্থার প্রতিদান দিয়ে তিনি জাতীয় দলের হয়ে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন।

    রবিনিও জুনিয়র ঠিক কতটা প্রতিভাবান, তা বোঝার জন্য তার শুরুর দিকের কোচের কথাই যথেষ্ট। সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেওয়ার আগে স্থানীয় ক্লাব পোর্তুয়ারিসে খেলতেন জুনিয়র। সেখানে তাঁকে ডাকা হতো ‘জুনিনিও’ নামে। জুনিয়রের প্রথম কোচ রবসন ফার্নান্দেজ দি অলিভেরা তার প্রতিভা প্রসঙ্গে জানিয়েছিলেন, বাঁ পায়ে ছেলেটির ড্রিবলিং তার বাবার চেয়েও অনেক বেশি নিখুঁত। এমনকি জেনোয়ার কোচ ড্যানিয়েল ডি রসিও জুনিয়রের মাঠে বুদ্ধদীপ্ত ও কার্যকর খেলা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।

    ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলা রবিনিও একসময় বিশ্বফুটবলের অন্যতম বড় তারকা হলেও তার পূর্ণ বিকাশ ঘটেনি। আজ সাও পাওলোর কারাগারে ৪২ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ডকে ৯ বছরের সাজা ভোগ করতে হচ্ছে। তবে কারাগারে বসে ছেলের এই উত্থান হয়তো ভিন্ন এক সান্ত্বনা এনে দেয়। রবিনিও জুনিয়রের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হয়তো শুধু গোল করা নয়, বরং নিজের প্রতিভা দিয়ে এমন এক উজ্জ্বল পরিচয় তৈরি করা—যে পরিচয়ের পাশে বাবার নাম থাকলেও থাকবে না অতীতের কোনো কালিমালিপ্ত ভার।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:56 PM বাবা কারাগারে, মাঠে আলো ছড়াচ্ছেন রবিনিও জুনিয়র • 12:41 PM কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল • 6:13 PM লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী • 3:11 PM পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার • 12:59 PM কোস্টারিকার বিপক্ষে খেলবেন মার্তিনেজ, একাদশে আরও ৪-৫ পরিবর্তন • 12:42 PM টেলিভিশন সিরিজে দেখা যাবে রোনালদোকে • 11:58 AM ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে • 11:47 AM ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের • 11:32 AM ১১ বছর পর মাঠে নেমে জাদু দেখালেন রোনালদিনহো • 11:25 AM ২০০ টাকায় মিলছে ফাইনালের টিকিট