
প্রতিনিধি 12 September 2026 , 11:45:30 প্রিন্ট সংস্করণ

রাজা হতে কে না চায়? রাজসিংহাসনে বসার জন্য অতীতে কত প্রাণ ঝরেছে তা ইতিহাসের বই খুললেই প্রমাণ মেলে। এক্ষেত্রে ব্যতিক্রম ইংল্যান্ডের নবম স্তরের একটি ক্লাবে খেলা উগান্ডার এক গোলরক্ষক জর্জ ডেসমন্ড কামুরাসি।
সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নিজ দেশ উগান্ডার একটি ঐতিহ্যবাহী রাজ্যের পরবর্তী রাজা হিসেবে মনোনীত হয়েছেন কামুরাসি। তবে দায়িত্ব নিতে তিনি অনেকটা অনিচ্ছুক। ফুটবল চালিয়ে যাওয়ার প্রতি মনস্থির করেছেন ৩৬ বছর বয়সী এই গোলরক্ষক।
জর্জ ডেসমন্ড কামুরাসি দক্ষিণ-পূর্ব লন্ডনের ক্লাব ‘এসই ডনস’-এর অধিনায়কত্ব করছেন। তবে তোরো সম্প্রদায়ের পরবর্তী ‘ওমুকামা’ বা রাজা নির্বাচিত হয়েছেন তিনি।
বেক্সলিহিথভিত্তিক ওই ক্লাবে ‘বিগ জি’ নামে পরিচিত কামুরাসি তার কাজিন বা খালাতো/ফুফাতো ভাই রাজা ওইয়ো নযিম্বা কাবাম্বা ইগুর রুকিডির (চতুর্থ) মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

উগান্ডার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তোরো রাজপরিবারের উত্তরাধিকার সংক্রান্ত কমিটির উপস্থিত ১৮ সদস্যের মধ্যে ১৫ জনই কামুরাসির পক্ষে ভোট দিয়েছেন। চলতি সপ্তাহান্তে ওইয়োর দাফন শেষে আনুষ্ঠানিকভাবে তাকে রাজা ঘোষণার কথা রয়েছে।

তবে নিজের এই নির্বাচনের বিষয়ে কামুরাসি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, উত্তরাধিকার প্রক্রিয়ার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে উগান্ডার সংবাদমাধ্যম ‘স্পাই উগান্ডা’ জানিয়েছে, তিনি লন্ডন ছেড়ে এই দায়িত্ব নিতে কিছুটা অনিচ্ছুক।
৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক এসই ডনস ক্লাবের এক পরিচিত মুখ। ২০১৪ সালে ব্রিটিশ র্যাপার ডন স্ট্র্যাপজি ক্লাবটি প্রতিষ্ঠা করেন। শুরুতে ইউটিউবের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে এটি ইংলিশ ফুটবলের মূলধারায় যুক্ত হয়।
ক্লাবের সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেখা মেলে কামুরাসির। ম্যাচের আগে সতীর্থদের চাঙ্গা করতে দেওয়া তার আবেগঘন বক্তব্যের জন্যও তিনি বেশ পরিচিত।
এসই ডনস এবার এফএ কাপের প্রথম মৌসুম খেলছে এবং গত শনিবার ইরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় বাছাইপর্ব নিশ্চিত করেছে।
এমনকি তার ফুটবলের ব্যস্ততার কারণে রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠানগুলোর সঙ্গে সময়সূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসা রাজা ওইয়োর শেষকৃত্য চলতি সপ্তাহান্তে উগান্ডায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক একই সময়ে এফএ ভাসের দ্বিতীয় বাছাইপর্বে গ্রিনওয়েজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে এসই ডনসের।
উল্লেখ্য, উগান্ডা দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ও সংসদ দ্বারা পরিচালিত হয়। তবে কোনো রাজনৈতিক ক্ষমতা না থাকলেও সেখানকার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী রাজ্যের গভীর সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব রয়েছে।
সূত্র: ইএসপিএন