• খেলা

    ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যানচেস্টারের শ্রেষ্ঠত্বের লড়াই

      প্রতিনিধি 13 September 2026 , 3:41:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    প্রাক-মৌসুমের চাউর হওয়া আশাবাদ ও বাস্তবতার পথ যেন কিছুটা আলাদা। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা হয়েছে খানিকটা নড়বড়ে। তবে রোববার ঘরের মাঠের ডার্বি ম্যাচে মাইকেল ক্যারিকের দলের সামনে নিজেদের আসল শক্তিমত্তা প্রমাণের মোক্ষম সুযোগ।

    অন্যদিকে নতুন কোচ এনজো মারেস্কার অধীনে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ওল্ড ট্রাফোর্ডে খেলতে গিয়েছে ম্যানচেস্টার সিটি। যদিও তাদের মাঠের পারফরম্যান্স বলছে, এখনও অনেক কাজ বাকি। ফলে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিই বলে দেবে, এই মুহূর্তে দুই ক্লাবের আসল অবস্থান কোথায়।

    ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।

    গত জানুয়ারিতে রুবেন আমোরিমের সঙ্গে সম্পর্ক ছেদের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দুর্দান্ত এক প্রভাব ফেলেছিলেন কারিক। যার শুরুটা হয়েছিল সিটির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে।

    ক্যারিকের শান্ত ও বিচক্ষণ নেতৃত্বে গত মৌসুমে শেষের ১৭টি প্রিমিয়ার লিগ ম্যাচের ১২টিতেই জয় পায় ইউনাইটেড। হেরেছিল মাত্র দুটিতে। ফলে লিগে তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ফেরে রেড ডেভিলরা।

    তবে এবারের দলবদলে ইউরি তিয়েলমান্স ও আন্দ্রেই সান্তোসকে দলে ভেড়ানো ছাড়া বেশ চুপচাপই ছিল ইউনাইটেড। যার খেসারত দিতে হয়েছে উদ্বোধনী ম্যাচেই। নবীন দল হাল সিটি এফসির কাছে ২-০ গোলের হার দিয়ে বড় এক ধাক্কাই খেয়েছে তারা।

    যদিও ব্রুনো ফার্নান্দেজের দুর্দান্ত হ্যাটট্রিকে ইপসউইচ টাউনের বিপক্ষে ৫-২ গোলের দারুণ জয় তুলে নেয় ইউনাইটেড। কিন্তু এভারটনের মাঠে যোগ করা সময়ে গোল হজম করে ২-২ ড্রয়ে মাঠ ছাড়ায় হতাশা লুকিয়ে রাখতে পারেনি তারা।

    ইউনাইটেডের রক্ষণ নিয়ে শঙ্কা

    এভারটন ম্যাচের পরই ইউনাইটেডের রক্ষণভাগ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্লাবের সাবেক ডিফেন্ডার গারি নেভিল। স্কাই স্পোর্টসের এই বিশ্লেষক মনে করেন, এই দুর্বলতা দূর করা না গেলে সেটিই হতে পারে চলতি মৌসুমে দলের সবচেয়ে বড় কাল।

    তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমার বড় ভয় হলো, এই সমস্যা সহজে দূর হওয়ার নয়।’

    রোববারেরর ম্যাচে সিটির আক্রমণভাগ তাদের জন্য বড় এক অ্যাসিড টেস্ট হতে চলেছে। বিশেষ করে আর্লিং হলান্ড আছেন দারুণ ছন্দে। চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে পোর্তোর মাঠে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে সবশেষ তিন ম্যাচে নিজের গোলসংখ্যা পাঁচটিতে নিয়ে গেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

    পেপ গার্দিওলার জায়গা নেওয়া ‘অসম্ভব মিশন’ বললেও, মারেস্কা তার চেয়ে ভালো শুরু হয়তো কল্পনাও করতে পারতেন না। গ্রীষ্মকালীন দলবদলে আকাশচুম্বী অর্থ খরচ করে দলে একঝাঁক নতুন অস্ত্র যুক্ত করা হয়েছে। তবে ইতালিয়ান এই কোচের সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে কিছুটা সময় লাগবেই।

    প্রমোশন পাওয়া কভেন্ট্রি সিটির বিপক্ষে ঘাম ঝরানো ১-০ গোলের জয়ের পর মারেস্কা বলেছেন, ‘আমি বেশ খুশি। কারণ দিন যত যাচ্ছে, আমি খেলোয়াড়দের আরও ভালোভাবে জানতে পারছি। এর মানে হলো আমরা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠব।’

    সিটির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শিরোপাপ্রত্যাশী আর্সেনাল। প্রিমিয়ার লিগে টানা চার জয়ে দুর্দান্ত শুরু করেছে মিকেল আর্তেতার দল। এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও বুধবার নাপোলির মাঠ থেকে কষ্টার্জিত ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা।

    গত মৌসুমের চেনা ছন্দ ধরে রেখে গানার শিবিরে এখন বইছে থিতু হওয়ার স্বস্তি। ম্যানচেস্টার ডার্বিতে তাই ইউনাইটেডের বিপক্ষে জয়ের বিকল্প নেই সিটিজেনদের সামনে।

    দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য ইউনাইটেডের পক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৯৮ ম্যাচে লড়েছে দুই দল। যেখানে ইউনাইটেডের জয় ৬৩ ম্যাচে আর সিটি জিতেছে ৫৪ ম্যাচ। ড্র হয়েছে বাকি ৮১ ম্যাচ।

    তবে সাম্প্রতিক সময়ে বদলেছে এই চিত্র। দুই দলের সবশেষ ১৫ ম্যাচের ৯টি জিতেছে ম্যানচেস্টার সিটি আর ড্র হয়েছে একটি। বাকি চার ম্যাচে জয়ী দলের নাম ম্যানচেস্টার ইউনাইটেড।

    ম্যানচেস্টার সিটির সম্ভাব্য একাদশ: জিয়ানলুইজি দোন্নারুম্মা, আব্দুলকদির খুসানভ, রুবেন দিয়াজ, মার্ক গিয়েহি, জস্কো ভার্ডিওল, এলিয়ট অ্যান্ডারসন, আন্তনিও সেমেনিয়ো, এনজো ফার্নান্দেজ, রায়ান শেরকি, ইলিমান এন্দিয়ায়ে, আর্লিং হলান্ড

    ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাব্য একাদশ: সেন ল্যামেন্স, ডিয়োগো দালত, হ্যারি মাগুইর, লিসান্দ্রো মার্তিনেজ, লুক শ, কোবি মাইনু, ইউরি তিয়েলমানস, ব্রায়ান এম্বিউমো, ব্রুনো ফার্নান্দেস, প্যাট্রিক দর্গু, ম্যাথিউস কুনহা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    3:41 PM ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যানচেস্টারের শ্রেষ্ঠত্বের লড়াই 3:20 PM দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান 1:26 PM সাবালেঙ্কার ‘থ্রি-পিট’ স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা 1:14 PM আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড় 12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা 3:21 PM মেসির রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর ইতিহাস 3:07 PM ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক