• খেলা

    পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল

      প্রতিনিধি 29 September 2026 , 6:26:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    প্রথমার্ধে একসময় ২-১ গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। কিন্তু বিরতির ঠিক আগে রাফিনিয়ার পেনাল্টিতে সমতা, দ্বিতীয়ার্ধে ব্রুনো গিমারায়েস ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

    ব্রিসবেনে শুরুটা অবশ্য ছিল ব্রাজিলেরই। মাত্র তৃতীয় মিনিটে গ্যাব্রিয়েল বনটেম্পোর পাস থেকে জোরালো শটে গোল করেন ভান্দেরসন। পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর দুটি সুযোগ পেয়েছিলেন রাফিনিয়া, কিন্তু দুবারই তাকে ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক।

    শুরুতে চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ২৮ মিনিটে কর্নার থেকে অ্যালেসান্দ্রো সিরকাতির দারুণ ফিনিশে ১-১ সমতা ফেরায় অস্ট্রেলিয়া। প্রথমে ফাউলের সিদ্ধান্ত দিলেও ভিএআর দেখে গোলটি বহাল রাখেন রেফারি।

    এর পাঁচ মিনিট পরই ব্রাজিলকে আরও বড় ধাক্কা দেয় অস্ট্রেলিয়া। সিরকাতির পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করেন কনর মেটকাফ। ৩৩ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

    প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরে ব্রাজিল। বক্সের ভেতর দানিলো ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। ৪৫ মিনিটে স্পটকিক থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন অধিনায়ক রাফিনিয়া।

    বিরতির পর রাফিনিয়াকে তুলে এন্দ্রিককে নামান আনচেলত্তি। বদলি নেমেই আক্রমণে গতি বাড়ান রিয়াল মাদ্রিদের এই তরুণ।

    দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে ৬৯ মিনিটে আবারও এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের পাস ধরে বক্সে ঢোকেন এন্দ্রিক। তাঁর কাটব্যাক থেকে সামনে এগিয়ে এসে বল জালে পাঠান ব্রুনো গিমারায়েস। স্কোরলাইন হয় ৩-২।

    এরপর অস্ট্রেলিয়ার রক্ষণ আরও চাপে পড়ে। ৭৯ মিনিটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকতে গিয়ে ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। এবারও পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

    রাফিনিয়া তখন মাঠে নেই। দায়িত্ব নেন ভিনিসিয়ুস নিজেই। ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিচু শটে গোল করে ব্যবধান ৪-২ করেন তিনি।

    শেষ দিকে অস্ট্রেলিয়া ব্যবধান কমানোর চেষ্টা করেছিল। ৮৭ মিনিটে গোলরক্ষক ওতাভিওর ভুলের পর সুযোগও পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু তেতে ইয়েঙ্গির প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

    ফলে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের নিয়ন্ত্রিত ফুটবলে জয় নিশ্চিত করে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের মধ্যে দ্বিতীয় ম্যাচে এবার আর ড্র নয়, জয় নিয়েই মাঠ ছাড়ল আনচেলত্তির দল।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:26 PM পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল • 5:43 PM বিশ্বকাপের পর খেলছে নকল ভিনিসিয়ুস, ব্রাজিলে গুঞ্জন • 4:22 PM ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত • 4:11 PM ৭ পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল • 1:42 PM প্রতিপক্ষের চুল টেনে বিপাকে দুই ফুটবলার • 11:53 AM মেসিকে ছাড়া নতুন পরিকল্পনায় আর্জেন্টিনা • 11:24 AM ওলিসের দুর্দান্ত গোলে জিতল ফ্রান্স • 11:16 AM না খেলেই সেমি-ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান • 6:36 PM সিঙ্গাপুরের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশ • 4:34 PM থাইল্যান্ডে ২ দিন ধরে বিমানবন্দরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল