
প্রতিনিধি 10 November 2026 , 1:15:54 প্রিন্ট সংস্করণ
আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ফুটবলের বিকাশ ও আধুনিকায়নে মরহুম হারুনুর রশীদ অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দীর্ঘ বর্ণিল ক্যারিয়ারে তিনি বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি এএফসির নির্বাহী কমিটি, ফিফার মিডিয়া কমিটি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এই অবদান দেশের ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “মরহুম হারুনুর রশীদ ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক অভিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ অভিভাবক। তাঁর এই প্রয়াণ ক্রীড়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আজীবন কর্মনিষ্ঠা ও ক্রীড়া উন্নয়নমূলক অবদান ক্রীড়ামোদী মানুষের হৃদয়ে তাঁকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে।”
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এই শোক সহ্য করার মতো মানসিক শক্তি প্রার্থনা করেন।