• খেলা

    ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: হামজা

      প্রতিনিধি 10 November 2026 , 5:24:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ২০০৩ সালে বাংলাদেশ ফুটবলে এক গৌরবময় অধ্যায় রচিত হয়। ইতিহাসে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে লাল-সবুজের দল। মালদ্বীপকে হারিয়ে রচিত হওয়া সেই সোনালী অধ্যায়ের পর বাংলাদেশ পুরুষ ফুটবলের ক্যাবিনেটে আর কোনো সাফের চ্যাম্পিয়ন ট্রফি যুক্ত হয়নি।

    পরবর্তীতে ২০০৫ সালের আসরের ফাইনালে বাংলাদেশ দল ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্স-আপ হয়। এরপর দীর্ঘ সময় ধরে দ্বিতীয় শিরোপার খোঁজ কেবল হতাশার মধ্য দিয়েই কেটেছে। তবে ২০২৬ সালের আসরে জামাল ভূঁইয়াদের সামনে এসেছে দারুণ এক সুযোগ।

    ঢাকায় অনুষ্ঠিত ১৫তম আসরে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে থমাস ডুলির দল। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে তারা। গ্রুপের অপর ম্যাচে ভুটান ও শ্রীলঙ্কা ২-২ গোলে ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় এলে সেমিফাইনালে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাগতিকদের।

    শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ (মঙ্গলবার) কথা বলেছেন হামজা চৌধুরী। সাফের প্রথম ম্যাচটি মিস করা শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার গতকাল (সোমবার) ঢাকায় পৌঁছেই বিকেলের অনুশীলনে দলের সঙ্গে যোগ দেন। টুর্নামেন্ট নিয়ে উচ্চাশা ব্যক্ত করেন তিনি।

    লাল-সবুজ জার্সিতে ৪ গোল করা হামজা বলেন, ‘আমি খুব এক্সাইটেড, ভুটানের বিপক্ষে আপনারা দেখেছেন… আমরা সবাই এক্সাইটেড। স্বাভাবিকভাবেই প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। দলের ছান্দিক গতি বা মোমেন্টামের জন্য আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। আমি জানি, আমার ওপরও বেশ চাপ আছে। তবে আমরা সবাই এবং ড্রেসিংরুমের সবাই ম্যাচ জিততে চায় এবং ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হতে চাই।’

    সাফে বাংলাদেশ দলে অভিজ্ঞ খেলোয়াড়ের ছড়াছড়ি এবং ২৩ বছর আগের স্মৃতি ফেরানোর দারুণ সুযোগ নিয়ে দেশবাসীরও রয়েছে আকাশচুম্বী প্রত্যাশা। বর্তমান দলটিকে নিয়ে কতটা আশাবাদী—এমন প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘দেশবাসী কী চায়, তা আমরা জানি। দলের আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর, হংকং কিংবা ভারতের মতো দলের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা জানি, আমাদের আরও উন্নতির জায়গা আছে এবং আমরা আরও ভালো খেলতে পারব। তাই ইনশাআল্লাহ এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।’

    আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও বাংলাদেশের সেমিফাইনালে কোনো সমস্যা নেই, কারণ তারা আগেই শেষ চার নিশ্চিত করেছে। তবে ইতিহাস বলছে, সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো, তিনবারের দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ।

    ম্যাচ নিয়ে হামজা চৌধুরী বলেন, ‘ওরা (শ্রীলঙ্কা) খুব শক্তিশালী দল। গত ১২ মাসে তারা দারুণ উন্নতি করেছে। তবে আমরাও উন্নতি করেছি। ভুটানের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল, আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস রয়েছে। এখন ওদের ওপরই চাপ বেশি, কারণ ওদের হার এড়াতে হবে। আমরা বিষয়টি নিয়ে রোমাঞ্চিত ও আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ, আগামীকাল আমরাই জিতব।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:24 PM ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: হামজা • 1:15 PM ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বার্তা • 12:56 PM ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের • 12:26 PM বাংলাদেশ দলের টেস্ট সিরিজ: লর্ডসে ইংল্যান্ড, চেমসফোর্ডে আয়ারল্যান্ড • 11:27 AM খেলার মাঠে ক্ষুদে ফুটবলার জিসানের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক • 6:38 PM প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর • 4:20 PM ড্র মেনে নিলো দুই দল, বাংলাদেশের সিরিজ হার • 3:01 PM ওয়ানডেতে তিন শতাধিক রান তুলল বাংলাদেশ • 1:19 PM টেস্ট দলে ৪ বছর পর ফিরলেন নাঈম, নতুন মুখ মাহফিজুল • 1:04 PM লর্ডস থেকে সিলেট, ২১ বছরের পথচলায় মুশফিকের অনন্য অর্জন