• খেলা

    বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতে রিশাদ

      প্রতিনিধি 15 October 2026 , 11:27:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের জায়গা পাকা করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। অভিষেক আসরেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশের ১৬তম সংস্করণে অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে বোলিং আক্রমণে দেখা যাবে রিশাদকে।

    গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেকেই নজর কাড়েন রিশাদ। ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে ১৫ উইকেট নেন তিনি। তার ইকোনমি রেট ছিল ৭.৮২, সেরা বোলিং ২৬ রানে ৩ উইকেট। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্টের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের এই স্পিনার।

    রিশাদকে ধরে রাখার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হোবার্টের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস। তিনি জানান, হোবার্টে ফেরার ব্যাপারে রিশাদের আগ্রহ চুক্তি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    বিমস বলেন, ‘রিশাদ আমাদের স্পষ্ট করে জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে।’

    বিমস আরও বলেন, ‘গত মৌসুমে সে অসাধারণ খেলেছে। বিগ ব্যাশে প্রথমবার খেলতে এসে প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার প্রমাণ।’

    জাম্পা ও রিশাদকে একসঙ্গে পাওয়ায় বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়বে বলেও মনে করেন হোবার্টের এই কর্মকর্তা। তার মতে, জাম্পার দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং মাঝের ওভারগুলোতে রিশাদের আক্রমণাত্মক লেগ স্পিন দলকে বাড়তি সুবিধা দেবে।

    হোবার্টের সঙ্গে রিশাদের সম্পর্ক অবশ্য গত মৌসুমের আগেই শুরু হয়েছিল। বিবিএলের ১৪তম আসরের ড্রাফটে তাকে দলে নিয়েছিল ক্লাবটি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততার কারণে সেবার হোবার্টের হয়ে খেলা হয়নি তার।

    ১২ ডিসেম্বর মেলবোর্ন রেনিগেডস ও পার্থ স্কোর্চার্সের ম্যাচ দিয়ে শুর হবে এবারের বিগ ব্যাশ। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে হোবার্ট।

    বিবিএলের ১৬তম আসরে হোবার্ট হারিকেন্সের দল

    মার্কাস বিন, আইন কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জেক ওয়েদারাল, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:27 AM বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতে রিশাদ • 4:55 PM অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ • 4:03 PM সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! • 3:27 PM আবাহনীর পর ফিফা নিষেধাজ্ঞায় আরামবাগ • 12:22 PM মেন্ডিসের ঝড়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা • 11:51 AM আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন • 11:43 AM বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের • 6:17 PM র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে বাংলাদেশের সোবহানা • 4:20 PM বিশ্বরেকর্ড গড়লেন লিটন • 12:27 PM ইংল্যান্ড থেকেই খুঁজে আনা হবে ভবিষ্যতের ‘হামজা’