
প্রতিনিধি 10 October 2026 , 12:40:22 প্রিন্ট সংস্করণ
আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচে জয়ের পর আলোচনায় লিওনেল মেসি। তবে এবার তার ফুটবল নয়, আলোচনার কেন্দ্রে জনপ্রিয় তাসের খেলা ‘ত্রুকো’। সাবেক সহকারী কোচ হুলিয়ান কামিনো জানিয়েছেন, এই খেলায় মেসি এতটাই ধূর্ত যে তাকে ‘বড় মিথ্যাবাদী’ বললেও কম বলা হয়!
ফুটবল মাঠে প্রতিপক্ষকে বোকা বানানোর অসাধারণ দক্ষতা লিওনেল মেসির। তবে মাঠের বাইরেও যে তার এমন এক গুণ আছে, তা জানালেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক সহকারী কোচ হুলিয়ান কামিনো। তার ভাষ্য, দক্ষিণ আমেরিকায় জনপ্রিয় তাসের খেলা ‘ত্রুকো’তে মেসি এমন কৌশলী খেলোয়াড় যে তাকে হারানো কঠিন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে তাস খেলার স্মৃতিচারণ করেন কামিনো। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আলেহান্দ্রো সাবেলার কোচিং স্টাফে সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই সময়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে মেসির সঙ্গে ত্রুকো খেলার অভিজ্ঞতাকে নিজের অন্যতম প্রিয় মুহূর্ত বলে উল্লেখ করেন এই সাবেক কোচ।
হাসতে হাসতে কামিনো বলেন, ‘আমরা যে ত্রুকো খেলতাম, সেটাই আমার কাছে সবচেয়ে ভালো স্মৃতি। আমরা তার (মেসি) সঙ্গে থাকতাম, যিনি বিশ্বের সেরা।’
তবে তাসের টেবিলে মেসির প্রতিদ্বন্দ্বীদের জন্য কাজটা সহজ ছিল না। কামিনোর মতে, মেসি শুধু খেলায় দক্ষই নন, প্রতিপক্ষকে চাপে রাখতেও পারদর্শী।
সাবেক এই কোচ বলেন, ‘সে ভয়ংকর রকমের মিথ্যাবাদী। তার ওপর আপনাকে তাড়াহুড়োর মধ্যে ফেলে দেয়। আমরা সময় ধরে খেলতে চেয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি।’