• খেলা

    ৯৮৬তম গোল করেও হতাশ রোনালদো, আল আহলির কাছে হার আল নাসরের

      প্রতিনিধি 21 November 2026 , 11:52:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র চার মিনিট পরই সুযোগ এসেছিল ব্যবধান দ্বিগুণ করার। কিন্তু পেনাল্টি থেকে বল জালে পাঠাতে ব্যর্থ হলেন পর্তুগিজ মহাতারকা। তার শট পোস্টে লেগে ফিরে আসে। সেই সুযোগ হাতছাড়া করার পর ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে তিন গোল হজম করে আল নাসর। শেষ পর্যন্ত সৌদি প্রো লিগে আল আহলির কাছে ৩-১ ব্যবধানে হেরেছে রোনালদোর দল।

    শুক্রবার (২০ নভেম্বর) জেদ্দার আল ইনমা স্টেডিয়ামে সৌদি প্রো লিগের স্থগিত হওয়া নবম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ১৪তম মিনিটে সামু কস্তার পাস থেকে বক্সের ভেতর ডান পায়ের নিচু শটে দলকে এগিয়ে দেন রোনালদো।

    এই গোলের মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন প্রয়োজন আর মাত্র ১৪টি গোল।

    তবে গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৬তম মিনিটে আল আহলির ডিফেন্ডার সাঈদ বাত্তিয়া নিজেদের বক্সে আওয়াদ আমানকে ফাউল করলে পেনাল্টি পায় আল নাসর। দুই মিনিট পর স্পটকিক নিতে এগিয়ে আসেন রোনালদো। গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে ভুল দিকে পাঠালেও তার জোরালো শট বাঁ পোস্টে লেগে ফিরে আসে।

    চলতি সৌদি প্রো লিগে এটি রোনালদোর টানা দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে গত ২০ অক্টোবর নিওমের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। পরিসংখ্যানবিষয়ক সংস্থা অপটার হিসাবে, ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর এই প্রথম লিগে টানা দুটি পেনাল্টি মিস করলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

    রোনালদোর পেনাল্টি মিসের পর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে আল আহলি। ৩১তম মিনিটে মেরিহ দেমিরালের হেডে বল জালে জড়ালেও ভিএআর পর্যালোচনায় ফাউলের কারণে গোলটি বাতিল হয়।

    তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ঠিকই সমতায় ফেরে স্বাগতিকরা। ইভান টনির পাস থেকে বক্সের বাইরে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যালেনো। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

    দ্বিতীয়ার্ধে আরও চাপে পড়ে আল নাসর। ৭১তম মিনিটে বক্সের ভেতর দেমিরালকে ফাউল করেন আবদুল্লাহ আল হামদান। ভিএআর পর্যালোচনার পর আল আহলিকে পেনাল্টি দেন রেফারি। এবার স্পটকিক থেকে কোনো ভুল করেননি টনি। গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার।

    চার মিনিট পরই আল নাসরের জালে তৃতীয় গোলটি পাঠান রজার ইবানিয়েজ। কর্নার থেকে গ্যালেনোর বাড়ানো বলে হেড করে ব্যবধান ৩-১ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি আল নাসর।

    এই হারে সৌদি প্রো লিগে ছয় ম্যাচের জয়ের ধারা থামল আল নাসরের। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় আল কাদসিয়া। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।

    অন্যদিকে এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। ফলে শিরোপার লড়াইয়ে দুই দলের ব্যবধান কমে দাঁড়িয়েছে চার পয়েন্টে।

    ব্যক্তিগত মাইলফলকের দিকে আরও এক ধাপ এগোলেও রোনালদোর জন্য রাতটি শেষ হয়েছে হতাশায়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু টানা দ্বিতীয় পেনাল্টি মিসের পাশাপাশি দলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:52 AM ৯৮৬তম গোল করেও হতাশ রোনালদো, আল আহলির কাছে হার আল নাসরের • 11:45 AM সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা • 4:29 PM এক ইনিংসে আট ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড • 12:56 PM বাবা কারাগারে, মাঠে আলো ছড়াচ্ছেন রবিনিও জুনিয়র • 12:41 PM কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল • 6:13 PM লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী • 3:11 PM পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার • 12:59 PM কোস্টারিকার বিপক্ষে খেলবেন মার্তিনেজ, একাদশে আরও ৪-৫ পরিবর্তন • 12:42 PM টেলিভিশন সিরিজে দেখা যাবে রোনালদোকে • 11:58 AM ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে