
প্রতিনিধি 19 July 2026 , 12:24:35 প্রিন্ট সংস্করণ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল মহারণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ রাতে নামবে আর্জেন্টিনা ও স্পেন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই মহাযুদ্ধের আগে পুরো আর্জেন্টিনা দল একটি বিশেষ ফ্রেমে বন্দি হয়েছে। সেটি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।
শিরোপার লড়াইয়ে নামার আগে শেষবারের মতো এই ফ্রেমে এক হয়েছিলেন স্কোয়াডের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যানেজার, রাঁধুনি থেকে শুরু করে ক্লাউদিও তাপিয়ার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সকল সদস্য।
ছবির ঠিক মাঝখানে দেখা যায় মেসি এবং পাশে দাঁড়িয়ে আছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। ২০১৪ এবং ২০২২-এর পর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন।


আলবিসেলেস্তে অধিনায়ক লিখেছেন, ‘এতগুলো বছরের সেরা প্রাপ্তি শুধু শিরোপাই ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল দারুণ। এই দলের সঙ্গে প্রতিটি দিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তগুলোতে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করাটাই আসল।’
মেসি আরও বলেন, ‘আমার প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং এই দলটাকে একটি পরিবার বানিয়ে রাখার জন্য যারা পর্দার আড়ালে প্রতিদিন কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল (আজ) যা-ই ঘটুক না কেন, এই দল ইতিমধ্যে এমন এক ইতিহাস লিখে ফেলেছে যা আমরা কোনোদিন ভুলব না এবং কেউ তা মুছেও দিতে পারবে না। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়, জানা যাবে রোববারই। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের পর্দায়।