• খেলা

    হাঁটুর চোটে ছিটকে গেলেন ইয়ামাল

      প্রতিনিধি 11 November 2026 , 12:22:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    হাঁটুর চোটের কারণে বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্পেনের নেশন্স লিগের ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

    রোববার লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচে ডান হাঁটুতে চোট পান ১৯ বছর বয়সী ইয়ামাল।

    ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন এই ফরোয়ার্ড। তাঁর অ্যাসিস্টেই জয়সূচক গোলটি করেন ফারমিন লোপেজ। এই জয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা।

    আরএফইএফ জানিয়েছে, আগামী কয়েক দিন বার্সেলোনায় চিকিৎসা নেবেন ইয়ামাল। রোববার মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্পেন দলের সঙ্গে যোগ দেওয়ার লক্ষ্য রয়েছে তাঁর।

    এদিকে ফ্লু থেকে সেরে ওঠার কারণে চেকিয়া সফরে যেতে পারছেন না রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারসাবালও। ইয়ামালের মতো তিনিও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলে ফিরবেন বলে জানিয়েছে আরএফইএফ।

    চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০টি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ইয়ামাল। করেছেন ১৭ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল। তবে তাঁর খেলার সময় আরও সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণের দাবি উঠেছে।

    গত মৌসুমে বারবার কুঁচকির চোটে ভুগছিলেন ইয়ামাল। এ নিয়ে স্পেন ও বার্সেলোনার মধ্যে মতবিরোধও দেখা দিয়েছিল।

    গত সেপ্টেম্বরে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক অভিযোগ করেছিলেন, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালের যথাযথ যত্ন নেননি। পরে নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচগুলোর আগে ইয়ামাল দল থেকে সরে দাঁড়ালে খেলোয়াড়ের চোটের বিষয়ে বার্সেলোনার পক্ষ থেকে যথেষ্ট যোগাযোগ না করায় বিস্ময় প্রকাশ করেছিল আরএফইএফ।

    ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়া ইয়ামাল ইতোমধ্যে ক্লাবটির হয়ে ১৬৭টি ম্যাচ খেলেছেন। স্পেনের হয়ে তাঁর আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ৩৭।

    বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এ সপ্তাহেই নেশন্স লিগের গ্রুপ ‘এ৩’-এর শীর্ষস্থান নিশ্চিত করতে চায়।

    প্রথম চার ম্যাচে জিতে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। চেকের বিপক্ষে জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে ড্র করতে পারলেই গ্রুপ সেরা হওয়া নিশ্চিত হবে স্পেনের। নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।

    প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল আগামী মার্চে কোয়ার্টার ফাইনালে খেলবে।

    ২০১৮-১৯ মৌসুম থেকে দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে আসছে নেশন্স লিগ। ২০২২-২৩ আসরে শিরোপা জিতেছিল স্পেন। সর্বশেষ ২০২৪-২৫ আসরে পর্তুগালের কাছে হেরে রানার্সআপ হয় তারা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:22 PM হাঁটুর চোটে ছিটকে গেলেন ইয়ামাল • 11:56 AM এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ • 11:52 AM ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান • 11:39 AM প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক • 6:02 PM জনগণ হাসিনাকে আর কখনো মেনে নেবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী • 5:30 PM আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড • 5:24 PM ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: হামজা • 1:15 PM ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বার্তা • 12:56 PM ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের • 12:26 PM বাংলাদেশ দলের টেস্ট সিরিজ: লর্ডসে ইংল্যান্ড, চেমসফোর্ডে আয়ারল্যান্ড