
প্রতিনিধি 15 October 2026 , 6:23:22 প্রিন্ট সংস্করণ
দ্বিতীয়বারের মতো পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট- আইএইচএফ নেশনস ট্রফি। ১৮-২২ অক্টোবর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ অংশগ্রহণ করছে। পাঁচ দিনব্যাপী এই আসরের নামকরণ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।
হ্যান্ডবলের এই প্রতিযোগিতা হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। ১৮, ১৯ এবং ২০ অক্টোবর প্রতিদিন হবে দুটি করে লিগ ম্যাচ। লিগ ম্যাচ শেষে ২১ অক্টোবর হবে ব্রোঞ্জ ম্যাচ। পরের দিন গোল্ড মেডেলের জন্য লড়বে দুই ফাইনালিস্ট।
ফাইনালে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক ইসমেতারা নিশি, ‘এবারই আমরা প্রথমবার বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছি। আমাদের আশা ফাইনাল খেলব। মালদ্বীপ এবং নেপাল খেলায় অনেক উন্নতি করছে। নেপালের ৮ জন খেলোয়াড় আর্মি দলের হয়ে খেলে। তারা শক্ত প্রতিপক্ষ অবশ্যই। তাই শুধু ভারতকে নিয়ে ভাবলেই হবে না।’
বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো বলেন, ‘আমাকে মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অভিজ্ঞতাটি সবদিক থেকেই চমৎকার ছিল। আমরা কেবল এই টুর্নামেন্ট জেতার জন্যই নয়, বরং বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ভবিষ্যৎ ও আসন্ন প্রতিযোগিতাগুলোর ভিত শক্ত করার লক্ষ্যে কাজ করছি। আমরা সঠিক পথেই আছি।’
বাংলাদেশ নারী হ্যান্ডবল দল দীর্ঘদিন প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে দূরে রয়েছে। এ নিয়ে কোচ বলেন, ‘গত কয়েক বছর দলটির কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। ফলে প্রতিপক্ষ দলগুলোর বর্তমান মান সম্পর্কে ধারণা পাওয়া কঠিন। তবে আমরা শতভাগ নিশ্চিত যে, প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দেব। আমরা অবশ্যই ফাইনালে যেতে এবং জিততে লড়াই করব। আমাদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো- যেমন চেষ্টা, লড়াই ও প্রতিটি বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা- সব ক্ষেত্রে আমরা সেরাটা দেব।’
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও চিফ কো-অর্ডিনেটর এস এম খালেকুজ্জামান বলেন, ‘আমরা দীর্ঘ প্রায় তিন মাস ধরে জাতীয় দলকে পরিচর্যা করছি। ৯০ জন নিয়ে শুরু করে ১৭ জনকে বাছাই করেছি। আশা করি আমরা ফাইনাল খেলব। প্রতিযোগিতায় ৫টি দল আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আফগানিস্তান আসতে পারছে না।’
এই টুর্নামেন্টে আসার কথা ছিল ইয়েমেনেরও। কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশটি শেষ পর্যন্ত আর আসতে পারেনি। হ্যান্ডবল ফেডারেশন থেকে আরও কয়েকটি দেশকে আনার চেষ্টার কোনো কমতি ছিল না। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ বলেন, ‘ইয়েমেনের আসার কথা ছিল। কিন্তু যুদ্ধের কারণে তারা আসতে পারেনি। আর আফগানিস্তান দলে ৫ জন ইরানের পাসপোর্টধারী ছিল, যেটা আইএইচএফ অনুমোদন করে না। তাই আমরাও তাদের দাবি মেনে নেইনি। আমাদের মূল লক্ষ্য আসন্ন এসএ গেমস। আগের দুবার আমরা নেপালের সঙ্গে পেরে উঠিনি। এবার গেমসে ভালো করতে চাই।’