
প্রতিনিধি 12 October 2026 , 3:26:19 প্রিন্ট সংস্করণ
মেহেদী হাসান মিরাজ ফিফটি পেরিয়ে গেলেন আগে। লিটন দাস তখনও সেঞ্চুরির অপেক্ষায়। তবে সেই অপেক্ষা বেশিদূর গড়ায়নি। স্পিনার কায়েস আহমেদকে কাট করে দারুণ এক চার মেরে সেঞ্চুরিতে পৌঁছে যান লিটন। টেস্ট ক্রিকেটে এটি তার সপ্তম সেঞ্চুরি। পাঁচ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন লিটন।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৩ রান করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। এবার তার ব্যাট থেকে এলো ঝলমলে সেঞ্চুরি। এই টেস্টের আগে তিন ইনিংসে রানের খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ইনিংসে মেরেছিলেন ডাক। সাদা পোশাকে অসহ্য সেই সময় পেরিয়ে এবার ফিফটি ও সেঞ্চুরিতে নিজের প্রত্যাবর্তন রাঙালেন লিটন। লিটনের সেঞ্চুরির আগে মিরাজ তুলে নেন টেস্ট ক্রিকেটের ১১তম ফিফটি।
সেঞ্চুরির পর অবশ্য লিটন নিজের ইনিংস বড় করতে পারেননি। পেসার মোহাম্মদ সেলিমের বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। ১১৭ বলে ১৪ চারে ১০২ রান করেন লিটন।