
প্রতিনিধি 7 September 2026 , 12:16:44 প্রিন্ট সংস্করণ

ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। তারা অঙ্গহানি হওয়া ব্যক্তিদের জন্য এক পায়ের জুতার (সিঙ্গেল-শু) প্রচারণায় একটি বিজ্ঞাপন বানিয়েছে। যেখানে দেখা যায়, সাবেক ইসরাইলি সেনা মডেল হিসেবে রয়েছে। এতেই বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা ও বয়কটের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনটির মডেল শালেভ বিটন তার এক পা হারায় ২০২১ সালে গাজায় ১১ দিনের ইসরাইলি সেনা অভিযানে। এ খবর দিয়েছে আল জাজিরা।


ফিলিস্তিনি বিডিএস ন্যাশনাল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য প্যাকবি-এর ক্রীড়া বয়কট প্রচারণার সমন্বয়ক স্টেফানি ওয়েস্টব্রুক আল জাজিরাকে জানান, অ্যাডিডাসের এই প্রচারণা ফিলিস্তিনিদের জন্য চরম অপমানজনক। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিশ্বের যেকোনো স্থানের চেয়ে গাজায় মাথাপিছু অঙ্গহানি হওয়া শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। এই অবস্থায় একজন ইসরাইলি সেনাকে দিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা চরম ধৃষ্টতা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের ধ্বংসাত্মক যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের অঙ্গহানির ঘটনা ঘটেছে।