
প্রতিনিধি 5 August 2026 , 4:01:45 প্রিন্ট সংস্করণ

আক্রমণভাগের অভিজ্ঞ দুই তারকা চলে গেলেও, নতুন করে তরুণ ও গতিময় উদীয়মান স্ট্রাইকার দলে ভিড়িয়েছে বার্সেলোনা। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা এখনও একজন তারকা ফরোয়ার্ডকে পেতে মরিয়া। যেখানে তাদের পুরো আগ্রহের কেন্দ্রে অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। তার এজেন্টের সঙ্গে আলাপের লক্ষ্যে মাদ্রিদে গিয়েছেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো।
২৬ বছর বয়সী ফরোয়ার্ড আলভারেজকে দলে টানতে আরও আগেই কাতালান ক্লাবটি তোড়জোড় শুরু করেছিল। তবে তার ক্লাব অ্যাতলেটিকো এখনও তাকে না ছাড়ার অবস্থানে অনড় রয়েছে। যদিও আলভারেজ নিজে ক্লাব বদলাতে আগ্রহী বলে জানা গেছে। আর সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ডেকো গতকাল (মঙ্গলবার) গুরুত্বপূর্ণ সফর করলেন মাদ্রিদে, যা আলোচনায় গতি আনতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম জিজান্তেস-এর বরাতে মুন্দো দিপোর্তিভো বলছে, বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং টেকনিক্যাল বিভাগে তার ঘনিষ্ঠ সহযোগী জোয়াও আমারাল মাদ্রিদে গেছেন হুলিয়ান আলভারেজের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে অগ্রগতির লক্ষ্যে। সবশেষ তথ্য অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ডেকো ও জোয়াও আমারালের সঙ্গে আলভারেজের প্রতিনিধি ফার্নান্দো হিদালগোর বৈঠক হওয়ার কথা রয়েছে।


এর আগে স্প্যানিশ গণমাধ্যমটি জানিয়েছিল, বার্সেলোনা আক্রমণভাগের প্রধান লক্ষ্য হিসেবে হুলিয়ানকেই বেছে নিয়েছে। ক্লাবটির বিশ্বাস, অ্যাতলেটিকো ছাড়ার ব্যাপারে খেলোয়াড়ের দৃঢ় অবস্থান আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে স্ট্রাইকারকে দলে ভেড়াতে অযৌক্তিক বা অতিরিক্ত অর্থ খরচ করতে রাজি নয় বার্সা।
আবার মাদ্রিদের ক্লাবটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আলবিসেলেস্তে তারকার। তবুও বার্সেলোনা তাকে পেতে আশাবাদী, একইসঙ্গে আলভারেজও ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে নতুন কোনো পদক্ষেপ নেবেন বলে নজর তাদের। পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত হলেও বার্সেলোনার বিশ্বাস, আলভারেজকে দলে ভেড়ানোর সম্ভাবনা এখনও রয়েছে। প্রধান কোচ হান্সি ফ্লিক মনে করেন, তাকে দলে আনতে পারলে বর্তমান স্কোয়াডটি পূর্ণতা পাবে।
এ ছাড়া বিশ্বকাপ চলাকালে দলবদলের ইচ্ছা প্রকাশ করে আলভারেজের দেওয়া বক্তব্যও বার্সেলোনার শীর্ষ কর্মকর্তাদের কাছে ইতিবাচকভাবে ধরা পড়েছে। এর আগে ২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগদানের পর সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১০৬ ম্যাচে ৪৯টি গোল এবং ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।