
প্রতিনিধি 4 October 2026 , 6:30:40 প্রিন্ট সংস্করণ
১৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল ফ্লোরেসের জন্য গত দুই দিন যেন কেটেছে দম ফেলার সুযোগ ছাড়াই।
শুরুটা তার ক্লাব বোকা জুনিয়র্সের নায়ক হিসেবে আবিভূর্ত হয়ে। ২৪ ঘণ্টাও পার হয়নি, আবার মাঠে নামলেন আর্জেন্টিনার জার্সিতেও।
শুক্রবার বোকা জুনিয়র্সের হয়ে উনিওনের বিপক্ষে বদলি নেমে দুই গোল করেছিলেন ফ্লোরেস। তার জোড়া গোলেই ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে বোকা। পরদিনই বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে খেলেছেন তরুণ এই ফরোয়ার্ড।
লা বোম্বোনেরায় উনিওনের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ফ্লোরেস। শেষ দিকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই দারুণ ফিনিশে করেন নিজের দুই গোল। বোকা একাডেমি থেকে উঠে আসা তরুণের জন্য সেটি ছিল বিশেষ এক রাত।
কিন্তু বিশ্রামের সুযোগ ছিল না ফ্লোরেসের।

বোকায় ম্যাচ শেষ করেই আবার আর্জেন্টিনা দলে যোগ দেন তিনি। বুরকিনা ফাসোর বিপক্ষে মনুমেন্তালে দ্বিতীয়ার্ধের শুরুতে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির জায়গায় এই তরুণকে নামান লিওনেল স্কালোনি। জাতীয় দলের জার্সিতে ৪৫ মিনিট খেলেন ফ্লোরেস। এটি অবশ্য আর্জেন্টিনার হয়ে তার দ্বিতীয় ম্যাচ।
গোল পাননি, তবে সুযোগ এসেছিল। দুটি ভালো গোলের পরিস্থিতিতে পৌঁছেছিলেন এবং আক্রমণে বারবার জায়গা তৈরি করার চেষ্টা করেছেন। ম্যাচের পর তরুণদের নিয়ে কথা বলতে গিয়ে ফ্লোরেসকেও আলাদাভাবে উল্লেখ করেন স্কালোনি।
আর্জেন্টিনা কোচ বলেন, ‘ওকে দেখেশুনে এগিয়ে নিতে হবে। অভিজ্ঞদের দায়িত্ব তরুণদের সাহায্য করা। ওরা নিশ্চিতভাবেই আমাদের আনন্দ দেবে।’
ফ্লোরেসের ব্যস্ততা অবশ্য এই দুই ম্যাচেই সীমাবদ্ধ নয়। এক সপ্তাহেরও কম সময়ে চারটি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। বুধবার বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দ্রুত বোকায় ফিরে গিয়েছিলেন। এরপর উনিওনের বিপক্ষে জোড়া গোল করে আবার যোগ দেন জাতীয় দলে।
এত অল্প সময়ে একের পর এক ম্যাচ খেলা নিয়েও আপত্তি নেই তার। বুরকিনা ফাসো ম্যাচের পর ফ্লোরেস বলেছেন, ‘আমার বয়স ১৯। আরও ম্যাচ খেলার শক্তি আছে। আমার ভালোই লাগে। আমি বরং এভাবেই থাকতে চাই।’
বোকা ও আর্জেন্টিনা দুই দলের হয়েই পাওয়া সুযোগ কাজে লাগানোর এই সময়টা উপভোগ করছেন ফ্লোরেস।